নড়াইল সদর উপজেলায় ফুটবল খেলাকে কেন্দ্র করে সৃষ্টি হওয়া বিরোধের জেরে মোস্তফা কাজী (৬৫) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যার অভিযোগ উঠেছে। শুক্রবার (৩ জুলাই) বিকেল ৩টার দিকে উপজেলার ভদ্রবিলা ইউনিয়নের মহারাগ গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত মোস্তফা কাজী মহারাগ গ্রামের আকমল কাজীর ছেলে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, গত (২৯ জুন) ভদ্রবিলা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে ভদ্রবিলা ও পলইডাঙ্গা গ্রামের মধ্যে একটি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়। খেলা চলাকালে দুই পক্ষের মধ্যে বিরোধের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার জন্য বৃহস্পতিবার স্থানীয়ভাবে একটি সালিস বৈঠক অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবারও একই বিষয়ে আরেকটি সালিস হওয়ার কথা ছিল।
এরই মধ্যে শুক্রবার বিকেলে বাজার থেকে কেনাকাটা করে বাড়িতে জিনিসপত্র রেখে পুনরায় ভদ্রবিলা বাজারে যাওয়ার পথে বাজারসংলগ্ন এলাকায় ৭ থেকে ৮ জন ব্যক্তি মোস্তফা কাজীর ওপর অতর্কিত হামলা চালায় বলে অভিযোগ রয়েছে। হামলাকারীরা ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে তাকে গুরুতর আহত করে।
পরে স্থানীয়রা ও স্বজনরা তাকে উদ্ধার করে নড়াইল জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঘটনার পর এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
নড়াইল সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) অজয় কুমার কুণ্ডু ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ফুটবল খেলাকে কেন্দ্র করে দুই গ্রামের মধ্যে বিরোধের সৃষ্টি হয়েছিল। বিষয়টি নিষ্পত্তির জন্য বৃহস্পতিবার সালিস অনুষ্ঠিত হলেও কোনো সমাধান হয়নি। শুক্রবারও সালিস হওয়ার কথা ছিল। এর মধ্যেই হামলার ঘটনা ঘটে।
তিনি আরও জানান, এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনায় জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের লক্ষ্যে পুলিশ অভিযান চালাচ্ছে।
পুলিশ জানিয়েছে, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। তদন্ত শেষে হত্যাকাণ্ডের প্রকৃত কারণ ও জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া