দেশের অন্যতম শীর্ষ বেসরকারি স্যাটেলাইট টেলিভিশন এনটিভি সফলতার সঙ্গে ২৩ বছর অতিক্রম করে ২৪তম বর্ষে পদার্পণ করেছে। এ উপলক্ষে শুক্রবার (৩ জুলাই) সকালে কুমিল্লা প্রেসক্লাবে কেক কাটা, আলোচনা সভা, শুভেচ্ছা বিনিময় এবং সম্মাননা প্রদানের মধ্য দিয়ে বর্ণাঢ্য আয়োজনের মাধ্যমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়। অনুষ্ঠানের আয়োজন করেন এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টু।
অনুষ্ঠানে বক্তারা বলেন, দীর্ঘ দুই দশকেরও বেশি সময় ধরে এনটিভি বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশন, দায়িত্বশীল সাংবাদিকতা এবং মানসম্মত অনুষ্ঠান নির্মাণের মাধ্যমে দেশের কোটি কোটি দর্শকের আস্থা অর্জন করেছে। নিরপেক্ষতা, পেশাদারিত্ব ও জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়ার কারণে প্রতিষ্ঠানটি দেশের গণমাধ্যমে একটি নির্ভরযোগ্য অবস্থান তৈরি করেছে।
বক্তারা আশা প্রকাশ করেন, ভবিষ্যতেও সত্যনিষ্ঠ, সাহসী ও দায়িত্বশীল সাংবাদিকতার ধারা অব্যাহত রেখে এনটিভি দেশ ও মানুষের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক ইউসুফ মোল্লা টিপু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান উদবাতুল বারী আবু, জেলা পরিষদের প্রশাসক মোস্তাক মিয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) সাইফুল ইসলাম, কুমিল্লা প্রেসক্লাবের সভাপতি কাজী এনামুল হক ফারুক ও সাধারণ সম্পাদক জাহিদ হাসান, মহানগর জামায়াতের সহকারী সেক্রেটারি জেনারেল কামারুজ্জামান সোহেল, দৈনিক কুমিল্লার কাগজ-এর সম্পাদক আবুল কাশেম হৃদয়, জেলা গোয়েন্দা পুলিশের (ডিবি) অফিসার ইনচার্জ শামছুল আলম শাহ, কোতোয়ালি মডেল থানার অফিসার ইনচার্জ তৌহিদুল আনোয়ার, এনসিপি নেতা মাছুমুল বারী কাউছার, কৃষিপদকপ্রাপ্ত সংগঠক মতিন সৈকত এবং ইস্টার্ন ইয়াকুব প্লাজার দোকান মালিক সমিতির সভাপতি মঞ্জুরুল আলম ভূঁইয়া।
দৈনিক বাংলাদেশ প্রতিদিন-এর কুমিল্লা প্রতিনিধি মহিউদ্দিন মোল্লার সঞ্চালনায় অনুষ্ঠানে বিভিন্ন জাতীয়, আঞ্চলিক ও স্থানীয় গণমাধ্যমের সম্পাদক, সাংবাদিক, গণমাধ্যমকর্মী, রাজনৈতিক নেতা, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য দেন এবং এনটিভির উত্তরোত্তর সাফল্য কামনা করেন।
অনুষ্ঠানে জেলা পুলিশের পক্ষ থেকে এনটিভির কুমিল্লা জেলা প্রতিনিধি মাহফুজ নান্টুর হাতে শুভেচ্ছা স্মারক ও প্রতিষ্ঠাবার্ষিকীর কেক তুলে দেওয়া হয়। পরে অতিথিবৃন্দ কেক কেটে এনটিভির ২৪তম বর্ষে পদার্পণ উদযাপন করেন।
অনুষ্ঠানে কুমিল্লায় কর্মরত বিভিন্ন প্রিন্ট, টেলিভিশন, অনলাইন ও ফটোসাংবাদিকসহ বিপুলসংখ্যক সাংবাদিক উপস্থিত ছিলেন। পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, সাংস্কৃতিক ও পেশাজীবী সংগঠনের প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া