রাঙ্গাবালী, পটুয়াখালী | ২ জুলাই ২০২৬: জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১২৭তম জন্মজয়ন্তী উপলক্ষে পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় নজরুল বর্ষ ২০২৬-২৭-এর উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ উপলক্ষে আলোচনা সভা, র্যালি এবং সাংস্কৃতিক আয়োজনের পাশাপাশি প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে ভার্চুয়ালি যুক্ত হয়ে একযোগে দেশের ৬৪ জেলা ও বাছাইকৃত ৭৪ উপজেলায় নজরুল বর্ষের আনুষ্ঠানিক উদ্বোধন করেন।
রাঙ্গাবালীর উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. খায়রুল হাসান, রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. জসিম উদ্দিন, উপজেলা কৃষি কর্মকর্তা মো. আসাদুজ্জামান, উপজেলা বিএনপির সভাপতি আব্দুর রহমান ফরাজীসহ বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, শিক্ষক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
আলোচনা সভায় বক্তারা বলেন, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, কবিতা, গান ও দর্শন যুগে যুগে মানুষকে অন্যায়-অবিচারের বিরুদ্ধে সোচ্চার হতে অনুপ্রাণিত করেছে। তাঁর অসাম্প্রদায়িক চেতনা, মানবতা ও সাম্যের বাণী বর্তমান প্রজন্মের জন্যও সমানভাবে প্রাসঙ্গিক। নজরুলের আদর্শ ধারণ করে বৈষম্যহীন, মানবিক ও সম্প্রীতির বাংলাদেশ গড়ে তোলার আহ্বান জানান বক্তারা।
এ সময় নজরুল বর্ষ উপলক্ষে আয়োজিত বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। পাশাপাশি জাতীয় কবির জীবন, সাহিত্যকর্ম ও অবদানের ওপর আলোচনা অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন জানায়, নজরুলের সাহিত্য, সংস্কৃতি ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের মধ্যে ছড়িয়ে দিতে বছরজুড়ে বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষামূলক কর্মসূচি গ্রহণ করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া