লক্ষ্মীপুর | ০২ জুলাই ২০২৬ : লক্ষ্মীপুরের রামগঞ্জ উপজেলায় বিশেষ অভিযান চালিয়ে ৪০ পিস ইয়াবাসহ আবু বক্কর সিদ্দিক ওরফে বাদশা (২৫) নামে এক মাদক কারবারিকে আটক করেছে রামগঞ্জ থানা পুলিশ।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার (২ জুলাই) গভীর রাতে রামগঞ্জ পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের বাঁশঘর গ্রামের হরিসভার পেছনে কার্তিক চন্দ্রের বাড়ির একটি টিনশেড ঘরে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আবু বক্কর সিদ্দিক (প্রকাশ বাদশা) নামে এক ব্যক্তিকে ৪০ পিস ইয়াবাসহ হাতেনাতে আটক করা হয়। আটক ব্যক্তি মো. আবু আহমেদের ছেলে।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, বাদশা দীর্ঘদিন ধরে এলাকায় ইয়াবা, গাঁজা ও মদ বিক্রিসহ বিভিন্ন ধরনের মাদক ব্যবসার সঙ্গে জড়িত। এর আগেও তিনি আইনশৃঙ্খলা বাহিনীর হাতে গ্রেপ্তার হয়েছিলেন। জামিনে মুক্ত হয়ে আবারও একই ধরনের অপরাধে জড়িয়ে পড়েন বলে দাবি করেন এলাকাবাসী।
রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ফিরোজ উদ্দিন চৌধুরী জানান, গোপন তথ্যের ভিত্তিতে পরিচালিত বিশেষ অভিযানে ৪০ পিস ইয়াবাসহ এক মাদক কারবারিকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে শুক্রবার আদালতে সোপর্দ করা হয়েছে।
পুলিশ জানিয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে এবং মাদক নির্মূলে জনগণের সহযোগিতা কামনা করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া