কটিয়াদী, কিশোরগঞ্জ | ২ জুলাই ২০২৬: কিশোরগঞ্জ-২ (কটিয়াদী-পাকুন্দিয়া) আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট মো. জালাল উদ্দীন বলেছেন, সরকারি হাসপাতালে কোনো ধরনের অনিয়ম, দায়িত্বে অবহেলা কিংবা রোগীদের সঙ্গে অসদাচরণ কোনোভাবেই বরদাশত করা হবে না। তিনি চিকিৎসকদের নির্ধারিত সময়ে হাসপাতালে উপস্থিত থেকে আন্তরিকতার সঙ্গে রোগীদের চিকিৎসাসেবা নিশ্চিত করার নির্দেশ দিয়েছেন।
বৃহস্পতিবার (২ জুলাই) সকালে আকস্মিকভাবে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে গিয়ে তিনি হাসপাতালের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন এবং ভর্তি রোগীদের সঙ্গে কথা বলে চিকিৎসাসেবার মান সম্পর্কে খোঁজখবর নেন।
পরিদর্শন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংসদ সদস্য বলেন, জরুরি বিভাগে সার্বক্ষণিক এমবিবিএস চিকিৎসকের উপস্থিতি নিশ্চিত করতে হবে। রোগীদের প্রয়োজনীয় প্রাথমিক চিকিৎসা না দিয়ে অযথা অন্য হাসপাতালে রেফার করা যাবে না। প্রয়োজনীয় চিকিৎসা প্রদান করার পর প্রয়োজন হলে রেফারের ব্যবস্থা নিতে হবে।
তিনি হাসপাতালের সার্বিক পরিবেশ উন্নয়নের ওপর গুরুত্বারোপ করে বলেন, হাসপাতালকে সবসময় পরিষ্কার-পরিচ্ছন্ন রাখতে হবে। দালালমুক্ত পরিবেশ নিশ্চিত করতে হবে এবং অ্যাম্বুলেন্স সেবা সচল রাখতে হবে। একই সঙ্গে ওষুধ কোম্পানির প্রতিনিধিদের অযাচিত আনাগোনা নিয়ন্ত্রণে কার্যকর ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
এমপি জালাল উদ্দীন বলেন, কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ১০০ শয্যাবিশিষ্ট নতুন ভবন দ্রুত চালুর উদ্যোগ নেওয়া হয়েছে। এছাড়া হাসপাতালের শূন্য পদগুলো দ্রুত পূরণের প্রক্রিয়া চলছে। সরকারের লক্ষ্য জনগণের দোরগোড়ায় উন্নত, আধুনিক ও মানসম্মত স্বাস্থ্যসেবা পৌঁছে দেওয়া।
তিনি আরও জানান, হাসপাতালের সেবার মানোন্নয়ন এবং রোগীবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিয়মিত তদারকি অব্যাহত থাকবে।
এ সময় উপস্থিত ছিলেন হাসপাতালের ভারপ্রাপ্ত স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. সৈয়দ শাহরিয়ার অনিক, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আরিফুর রহমান কাঞ্চন, সহসভাপতি মিজানুর রহমান স্বপন, সাংগঠনিক সম্পাদক খলিলুর রহমান, পৌর বিএনপির সভাপতি আশরাফুল হক দাদন, উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম জাইদুল, মো. সামসুল হক চাঁন মিয়া, মো. মাহফুজুর রহমান মিঠু, মো. শফিকুল ইসলাম ফুলুসহ স্থানীয় নেতৃবৃন্দ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া