পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশকে কেন্দ্র করে মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক সাংবাদিক ও স্কুলশিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ ঘটনা ঘটে।
আহত মোয়াজ্জেম হোসেন জাতীয় দৈনিক আজকের পত্রিকা-এর কলাপাড়া প্রতিনিধি এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। হামলার পর তাকে কলাপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়, যেখানে তিনি চিকিৎসাধীন রয়েছেন।
হাসপাতালে চিকিৎসাধীন মোয়াজ্জেম হোসেন জানান, ঘটনার সময় তিনি একটি মোবাইল ফোনের দোকানে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে ৭-৮ জন তার ওপর দুই দফায় হামলা চালায় বলে তিনি অভিযোগ করেন। এতে তিনি গুরুতর আহত হন।
তার দাবি, গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তার বোনের বাড়িতে হামলার একটি সংবাদ বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই সংবাদ প্রকাশের জের ধরেই পরিকল্পিতভাবে তার ওপর হামলা চালানো হয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম কোনো মন্তব্য করতে রাজি হননি।
অন্যদিকে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল অভিযোগ অস্বীকার করে বলেন, ঘটনার দিন তিনি এলএলবি পরীক্ষায় অংশ নিতে বরিশালে ছিলেন। তাকে পরিকল্পিতভাবে এ ঘটনায় জড়ানো হচ্ছে বলে দাবি করেন তিনি।
পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। অভিযোগ তদন্ত করে সত্যতা পাওয়া গেলে জড়িতদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার হাসপাতালে আহত সাংবাদিককে দেখতে গিয়ে বলেন, সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।
পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন জানান, তিনি বিষয়টি অবগত আছেন। ঘটনাটি তদন্তাধীন এবং অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।
কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। অভিযোগের সত্যতা যাচাই করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সাংবাদিকদের নিরাপত্তা ও স্বাধীনভাবে পেশাগত দায়িত্ব পালনের পরিবেশ নিশ্চিত করার দাবি জানিয়েছেন স্থানীয় সাংবাদিক ও সচেতন মহল।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া