কক্সবাজার, উখিয়া | ২৬ জুন ২০২৬: বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতির উখিয়া উপজেলা শাখার ত্রি-বার্ষিক নির্বাচন (২০২৬-২০২৯) গণতান্ত্রিক পরিবেশে সম্পন্ন হয়েছে।
শুক্রবার (২৬ জুন) বিকেলে উখিয়া সদরের স্থানীয় গ্রীনবাড কিন্ডারগার্টেন স্কুলে আয়োজিত নির্বাচনে বাংলাদেশ পুস্তক প্রকাশনা ও বিক্রেতা সমিতি কক্সবাজার জেলা শাখার নেতৃবৃন্দের উপস্থিতিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। উপস্থিত ভোটাররা শান্তিপূর্ণ পরিবেশে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচনে সভাপতি পদে ছাত্রবন্ধু লাইব্রেরির স্বত্বাধিকারী ও উখিয়া ডিগ্রি কলেজের সিনিয়র কর্মচারী শামসুল আলম ১৪ ভোট পেয়ে সভাপতি নির্বাচিত হন। তাঁর নিকটতম প্রতিদ্বন্দ্বী অধ্যক্ষ রহমত উল্লাহ সিকদার ১২ ভোট পেয়ে পরাজিত হন।
এছাড়া কমিটির অন্যান্য ৮টি পদে কোনো প্রতিদ্বন্দ্বী না থাকায় সংশ্লিষ্ট প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
নবনির্বাচিত সভাপতি শামসুল আলম বলেন, "যারা তাদের মূল্যবান ১৪টি ভোট দিয়ে আমাকে উখিয়া উপজেলা কমিটির সভাপতি নির্বাচিত করেছেন, তাদের প্রতি আমি আন্তরিকভাবে কৃতজ্ঞ।"
তিনি আরও বলেন, "সমিতির আইন-শৃঙ্খলা, ঐক্য ও সার্বিক উন্নয়নে আমি দায়িত্বশীল ভূমিকা পালন করব। সকলের সহযোগিতা পেলে এই সংগঠনকে আরও শক্তিশালী ও গতিশীল করে গড়ে তুলতে সক্ষম হব, ইনশাআল্লাহ।"
নবনির্বাচিত কমিটির মাধ্যমে উখিয়া উপজেলার প্রকাশনা ও বই বিক্রেতাদের পেশাগত স্বার্থ সংরক্ষণ, সংগঠনের কার্যক্রম সম্প্রসারণ এবং সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতা আরও বৃদ্ধি পাবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া