নোয়াখালীর সেনবাগ উপজেলার ৫ নম্বর অর্জুনতলা ইউনিয়নে অবস্থিত বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজের নবনির্বাচিত সভাপতি, টপস্টার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, সৈয়দ হারুন ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান এবং বিশিষ্ট শিক্ষানুরাগী ও সমাজসেবক লায়ন সৈয়দ হারুন এমজেএফ প্রথমবারের মতো সভাপতি হিসেবে প্রতিষ্ঠানটি পরিদর্শন করেছেন।
পরিদর্শনকালে তিনি প্রতিষ্ঠানের বিভিন্ন শ্রেণিকক্ষ ঘুরে দেখেন, শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন এবং শিক্ষকবৃন্দের সঙ্গে মতবিনিময় করেন। এ সময় প্রতিষ্ঠানের শিক্ষার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষার্থীদের সমস্যা ও সম্ভাবনা এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
পরে বিদ্যালয় প্রাঙ্গণে শিক্ষার্থী, শিক্ষক, কর্মচারী, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের প্রতিনিধিবৃন্দ, উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি ও সাধারণ সম্পাদক, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং সুধীজনদের উপস্থিতিতে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য দিতে গিয়ে নবনির্বাচিত সভাপতি লায়ন সৈয়দ হারুন এমজেএফ বলেন, “শিক্ষাই একটি জাতির উন্নয়নের প্রধান ভিত্তি। শিক্ষার্থীদের জন্য আধুনিক ও মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে আমি সর্বোচ্চ চেষ্টা করবো।”
তিনি জানান, সভাপতি নির্বাচিত হওয়ার আগ থেকেই তাঁর প্রতিষ্ঠিত সৈয়দ হারুন ফাউন্ডেশনের মাধ্যমে শিক্ষাবৃত্তি প্রদান, দরিদ্র তহবিল গঠন এবং বিভিন্ন শিক্ষাবান্ধব কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। ভবিষ্যতে এসব কার্যক্রম আরও বিস্তৃত ও কার্যকরভাবে বাস্তবায়ন করা হবে।
এ সময় তিনি শিক্ষাবৃত্তি কার্যক্রম সম্প্রসারণ, আসন্ন এসএসসি পরীক্ষার্থীদের উন্নত প্রস্তুতির জন্য ফাউন্ডেশনের অর্থায়নে আবাসিক কোচিংয়ের ব্যবস্থা এবং ঝরে পড়া ও অনিয়মিত শিক্ষার্থীদের জন্য “ফিরে আসা” নামে বিশেষ শিক্ষা সহায়তা কর্মসূচি চালুর ঘোষণা দেন।
সভায় উপস্থিত শিক্ষক, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা নবনির্বাচিত সভাপতির বিভিন্ন উদ্যোগকে স্বাগত জানান এবং প্রতিষ্ঠানের উন্নয়নে তাঁর নেতৃত্বে নতুন সম্ভাবনার কথা তুলে ধরেন।
পরিশেষে লায়ন সৈয়দ হারুন এমজেএফ বাতাকান্দি আদর্শ স্কুল অ্যান্ড কলেজকে একটি আধুনিক, প্রযুক্তিনির্ভর, মানসম্মত ও শিক্ষার্থীবান্ধব শিক্ষা প্রতিষ্ঠানে রূপান্তরের লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।
এদিকে মতবিনিময় সভা শেষে তিনি আসন্ন এইচএসসি পরীক্ষা-২০২৬ উপলক্ষে কেন্দ্র পরিচালনা বিষয়ক একটি গুরুত্বপূর্ণ সভায় অংশগ্রহণ করেন। বাতানিয়া স্কুলে অনুষ্ঠিতব্য এইচএসসি পরীক্ষাকে সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নকলমুক্ত পরিবেশে সম্পন্ন করার লক্ষ্যে আয়োজিত এ সভায় উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা, একাডেমিক সুপারভাইজার এবং সেনবাগ উপজেলার বিভিন্ন স্কুল ও কলেজের প্রধান শিক্ষকরা উপস্থিত ছিলেন। সভায় পরীক্ষা পরিচালনার বিভিন্ন দিক এবং প্রয়োজনীয় প্রস্তুতি নিয়ে আলোচনা করা হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া