মোংলা, বাগেরহাট | ২৫ জুন ২০২৬ : জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে বাগেরহাটের মোংলায় অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) মোংলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কনফারেন্স রুমে আয়োজিত এ সভায় প্রশাসন, স্বাস্থ্য বিভাগ, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি, সাংবাদিক এবং বিভিন্ন সামাজিক ও উন্নয়ন সংস্থার প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের আয়োজনে এবং মোংলা পোর্ট পৌরসভার বাস্তবায়নে অনুষ্ঠিত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মোংলা উপজেলা নির্বাহী কর্মকর্তা শারমিন আক্তার সুমি।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “ভিটামিন‘এ’ শিশুদের সুস্থ বৃদ্ধি, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি এবং অপুষ্টি দূরীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। একটি শিশুও যেন এই কর্মসূচির বাইরে না থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করতে হবে।”
তিনি আরও বলেন, সরকারি এ জনকল্যাণমূলক কর্মসূচি শতভাগ সফল করতে জনপ্রতিনিধি, স্বাস্থ্যকর্মী, শিক্ষক, সাংবাদিক এবং সচেতন নাগরিকদের সমন্বিত ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিশেষ অতিথির বক্তব্যে উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. শাহিন বলেন, “জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন শিশু মৃত্যুহার হ্রাস, অপুষ্টি প্রতিরোধ এবং শিশুর স্বাভাবিক বিকাশ নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ অবদান রেখে আসছে। নির্ধারিত বয়সী প্রতিটি শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়াতে অভিভাবকদের সচেতন করতে হবে।”
মোংলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতিকুর রহমান বলেন, “জাতীয় গুরুত্বপূর্ণ এ স্বাস্থ্যসেবা কর্মসূচি বাস্তবায়নে আইনশৃঙ্খলা বাহিনী সর্বাত্মক সহযোগিতা করবে। শিশুদের স্বাস্থ্য সুরক্ষায় সকলকে একযোগে কাজ করতে হবে।”
মোংলা প্রেস ক্লাবের সভাপতি মো. আহসান হাবীব হাসান বলেন, “গণমাধ্যমের মাধ্যমে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইনের বার্তা জনগণের কাছে পৌঁছে দেওয়া হবে। কোনো শিশু যেন এ কর্মসূচি থেকে বাদ না পড়ে, সে বিষয়ে সাংবাদিকরা সচেতনতামূলক ভূমিকা পালন করবেন।”
সভায় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিক, চিকিৎসক, নার্স, সাবেক ও বর্তমান কাউন্সিলর, বিভিন্ন এনজিও প্রতিনিধি এবং সংশ্লিষ্ট সরকারি দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বক্তারা জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন-২০২৬ সফল করতে ব্যাপক প্রচার-প্রচারণা, জনসচেতনতা বৃদ্ধি এবং সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানের সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন। তারা আশা প্রকাশ করেন, সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে মোংলায় শতভাগ শিশুকে ভিটামিন ‘এ’ ক্যাপসুল খাওয়ানোর লক্ষ্য অর্জন সম্ভব হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া