চুয়াডাঙ্গা, দামুড়হুদা | ২৫ জুন ২০২৬: ‘শিক্ষাই জাতির মেরুদণ্ড, আর মেধাবী শিক্ষার্থীরাই আগামীর বাংলাদেশ গড়ার কারিগর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে চুয়াডাঙ্গার দামুড়হুদা ইউনিয়ন পরিষদের উদ্যোগে মেধাবী ও অস্বচ্ছল শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার (২৫ জুন) সকাল ১১টায় দামুড়হুদা ইউনিয়ন পরিষদ প্রাঙ্গণে ইউনিয়ন উন্নয়ন সহায়তা তহবিলের (দ্বিতীয় কিস্তি) অর্থায়নে আয়োজিত অনুষ্ঠানে স্থানীয় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের মেধাবী শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ছাতা তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ হযরত আলী। সভাপতিত্ব করেন ৬ নম্বর ওয়ার্ড ইউনিয়ন উন্নয়ন সহায়তা কমিটির সভাপতি মোঃ আশরাফুল আলম।
প্রধান অতিথির বক্তব্যে চেয়ারম্যান মোঃ হযরত আলী বলেন, শিক্ষার্থীদের শিক্ষার প্রতি আরও আগ্রহী করে তুলতে এবং তাদের শিক্ষাজীবনকে সহজ করতে ইউনিয়ন পরিষদের পক্ষ থেকে বিভিন্ন সহায়তামূলক কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। ভবিষ্যতেও মেধাবী ও অসচ্ছল শিক্ষার্থীদের জন্য এ ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।
বক্তারা বলেন, বর্তমান সরকার শিক্ষার মানোন্নয়নে বিভিন্ন কার্যক্রম বাস্তবায়ন করছে।
নতুন প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করে দেশ গঠনের উপযোগী নাগরিক হিসেবে গড়ে তুলতে সমাজের সকল শ্রেণি-পেশার মানুষের সহযোগিতা প্রয়োজন। শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেওয়ার মাধ্যমে তাদের বিদ্যালয়মুখী করা এবং পড়াশোনার প্রতি উৎসাহিত করাই এ উদ্যোগের মূল লক্ষ্য।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা বিষয়ক কার্যালয়, দামুড়হুদার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক মোঃ সুমন আলী এবং দামুড়হুদা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পরিবার পরিকল্পনা পরিদর্শক মোঃ আতিকুর রহমান।
এছাড়াও উপস্থিত ছিলেন দামুড়হুদা ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা মোঃ নাঈম উদ্দীন, হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটর মোঃ সাব্বির আহম্মেদ, ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ, বিভিন্ন প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের হাতে স্কুল ব্যাগ ও ছাতা তুলে দেওয়া হলে তাদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। অভিভাবকরাও ইউনিয়ন পরিষদের এ উদ্যোগকে সাধুবাদ জানান।
স্থানীয় সচেতন মহল মনে করছে, শিক্ষাবান্ধব এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকলে শিক্ষার হার বৃদ্ধি পাবে এবং মেধাবী শিক্ষার্থীরা ভবিষ্যতে দেশের উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে সক্ষম হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া