ঠাকুরগাঁও | ২৪ জুন ২০২৬ : ঠাকুরগাঁও সদর ও রুহিয়া উপজেলার পৃথক তিনটি মাদকবিরোধী অভিযানে ইয়াবা, ট্যাপেন্টাডল ট্যাবলেট ও গাঁজাসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি)। এ ঘটনায় পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, বুধবার (২৪ জুন) ঠাকুরগাঁও পৌরসভার পূর্ব গোয়ালপাড়া (তেলিপাড়া) এলাকায় অভিযান চালিয়ে কাওসার আলী (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করে সদর থানা পুলিশ। এ সময় তার কাছ থেকে ১০টি ট্যাপেন্টাডল ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় মামলা দায়ের করা হয়েছে।
একই দিন গভীর রাতে শহরের ফকিরপাড়া ব্রিজ এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে সদর থানা পুলিশ। অভিযানে আলমগীর হোসেন (২৫) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়। পুলিশের দাবি, তার কাছ থেকে পাঁচটি ট্যাপেন্টাডল ট্যাবলেট ও ১৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায়ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা রুজু করা হয়েছে।
অন্যদিকে বুধবার সকালে রুহিয়া থানার ঢোলারহাট ইউনিয়নের ধর্মপুর গ্রামে অভিযান চালায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, ঠাকুরগাঁও জেলা কার্যালয়। এ সময় সুজন আলী জুয়েল (২৩) নামে এক যুবককে তার বাড়ি থেকে আটক করা হয়।
ডিএনসির কর্মকর্তারা জানান, তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১টি ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। জব্দকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ১৫ হাজার ৫০০ টাকা। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক) ধারায় মামলা দায়ের করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহজাহান আলী বলেন, “মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।”
আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তারা জানিয়েছেন, জেলার বিভিন্ন এলাকায় মাদক নির্মূল এবং মাদক কারবারিদের বিরুদ্ধে নিয়মিত অভিযান পরিচালনা করা হচ্ছে। জননিরাপত্তা নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের অভিযান চলমান থাকবে বলে তারা জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া