সিলেটের বিশ্বনাথ উপজেলা | ২৪ জুন ২০২৬ :
সামাজিক ও মানবিক কল্যাণমূলক প্রতিষ্ঠান সিডস অব সাদাকাহ’র উদ্যোগে সিলেটের বিশ্বনাথ উপজেলার তিনটি অসহায় ও গৃহহীন পরিবার নতুন ঘর পেয়েছে। মানবিক সহায়তার অংশ হিসেবে শেল্টার প্রজেক্টের আওতায় নির্মিত তিনটি ঘর বুধবার (২৪ জুন) আনুষ্ঠানিকভাবে উপকারভোগীদের কাছে হস্তান্তর করা হয়।
উপজেলার লামাকাজী ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আকিলপুর গ্রামের আত্বর আলী এবং ৩ নম্বর ওয়ার্ডের খোজারপাড়া গ্রামের আরও দুইটি গৃহহীন পরিবারের জন্য নির্মিত শেল্টার প্রজেক্টের ৫২৪, ৪৮৪ ও ৪৮৫ নম্বর ঘরের উদ্বোধন করেন প্রধান অতিথি হিসেবে খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী মুহাম্মদ নিজাম উদ্দীন সিদ্দিকী।
এ উপলক্ষে পৃথক তিনটি স্থানে আয়োজিত অনুষ্ঠানে সমাজসেবক আব্দুল আলীর সভাপতিত্বে এবং জুয়েল আহমেদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সমাজসেবী মোহাম্মদ মঈন উদ্দিন। এছাড়া উপস্থিত ছিলেন ফয়সল আহমেদ, মোক্তার হোসাইন, আব্দুল খালিক, সুপারভাইজার হাবিবুর রহমান আবিদ, কাওছার আহমদসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা বলেন, সমাজের অসহায়, দরিদ্র ও গৃহহীন মানুষের জন্য নিরাপদ আবাসনের ব্যবস্থা করা একটি গুরুত্বপূর্ণ মানবিক দায়িত্ব। সিডস অব সাদাকাহ দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত মানুষের কল্যাণে বিভিন্ন উন্নয়নমূলক ও মানবিক কার্যক্রম পরিচালনা করে আসছে। এর ধারাবাহিকতায় তিনটি অসহায় পরিবারের জন্য ঘর নির্মাণ করে দেওয়ার উদ্যোগ স্থানীয়ভাবে ব্যাপক প্রশংসিত হয়েছে।
তারা আরও বলেন, এ ধরনের মানবিক উদ্যোগ শুধু মাথা গোঁজার ঠাঁই নিশ্চিত করে না, বরং উপকারভোগী পরিবারগুলোর মধ্যে নিরাপত্তা, স্বস্তি এবং সম্মানজনক জীবনযাপনের সুযোগ সৃষ্টি করে। ভবিষ্যতেও সমাজের বিত্তবান ও মানবিক সংগঠনগুলোকে এ ধরনের কার্যক্রমে এগিয়ে আসার আহ্বান জানান বক্তারা।
অনুষ্ঠান শেষে অতিথিবৃন্দ আনুষ্ঠানিকভাবে ঘর তিনটির উদ্বোধন করেন এবং উপকারভোগী পরিবারের সদস্যদের কাছে ঘরের চাবি হস্তান্তর করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া