ঠাকুরগাঁও, রাণীশংকৈল | ২৪ জুন ২০২৬ :
ঠাকুরগাঁও জেলার রাণীশংকৈল উপজেলার পূর্ববলদানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক এবং বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতি রাণীশংকৈল উপজেলা শাখার সাধারণ সম্পাদক আজিজার রহমান আর নেই।
মঙ্গলবার (২৩ জুন) সন্ধ্যায় নিজ বাসভবনে আকস্মিকভাবে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তাঁর মৃত্যুতে শিক্ষক সমাজ, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় জনগণের মধ্যে গভীর শোকের ছায়া নেমে এসেছে।
পারিবারিক সূত্রে জানা যায়, মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই কন্যা, এক পুত্র সন্তানসহ অসংখ্য শুভাকাঙ্ক্ষী ও গুণগ্রাহী রেখে গেছেন। মরহুমের জানাজার নামাজ বুধবার (২৪ জুন) দুপুর ২টা ৩০ মিনিটে রাণীশংকৈল হ্যালিপ্যাড মাঠে অনুষ্ঠিত হয়। পরে পাঁচপীর কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন করা হয়।
আজিজার রহমান দীর্ঘদিন ধরে শিক্ষকতা পেশার পাশাপাশি শিক্ষক সমাজের অধিকার আদায়ে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। তাঁর সততা, দায়িত্ববোধ ও শিক্ষাবান্ধব কর্মকাণ্ডের জন্য তিনি শিক্ষক ও শিক্ষার্থীদের কাছে অত্যন্ত জনপ্রিয় ছিলেন।
তাঁর মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন ঠাকুরগাঁও-৩ আসনের সংসদ সদস্য জাহিদুর রহমান, বাংলাদেশ জামায়াতে ইসলামীর সাবেক নায়েবে আমির মিজানুর রহমান মাস্টার, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আল্লা ওয়াদুদ বিন নুর আলিফ, উপজেলা সাংগঠনিক সম্পাদক এম আর বকুল মুজুমদার, উপজেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর আলমসহ শিক্ষা অফিসের কর্মকর্তা-কর্মচারী, শিক্ষক সমাজ এবং সর্বস্তরের জনগণ।
শোকবার্তায় নেতৃবৃন্দ মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। স্থানীয় শিক্ষা অঙ্গনে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে বলে তারা উল্লেখ করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া