যশোর সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযান পরিচালনা করে ১২ কেজি গাঁজা, বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক্স ও অন্যান্য চোরাচালানি পণ্যসহ দুইজনকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
মঙ্গলবার (২৩ জুন) যশোর ব্যাটালিয়ন (৪৯ বিজিবি)-এর বিশেষ টহলদল ঘিবা বিওপি, বেনাপোল আইসিপি এবং আমড়াখালী চেকপোস্ট এলাকায় মাদক ও চোরাচালানবিরোধী অভিযান পরিচালনা করে এসব মালামাল জব্দ করে।
বিজিবি সূত্রে জানা যায়, অভিযানে ভারতীয় ১২ কেজি গাঁজা, ১৮টি শাড়ি, ৫টি থ্রি-পিস, ১টি কম্বল, ৯টি তৈরি পোশাক, ৬৪টি ধুতি, ২ কেজি জিরা, ১২ প্যাকেট ফুসকা, ২টি মোবাইল ফোন, ৫৬টি চকলেট এবং ৩০৭টি ভারতীয় কসমেটিক্স সামগ্রী জব্দ করা হয়।
জব্দকৃত মালামালের আনুমানিক বাজারমূল্য ৭ লাখ ৭ হাজার ৭৮০ টাকা বলে জানিয়েছে বিজিবি।
অভিযানে আটক ব্যক্তিরা হলেন যশোর জেলার ঝিকরগাছা থানার আলী হোসেনের ছেলে জাহিদুল ইসলাম এবং ঢাকা জেলার ধানমন্ডি এলাকার অমল কৃষ্ণ দাসের ছেলে অনিরুদ্ধ দাস অনি।
বিজিবি জানায়, ১২ কেজি গাঁজাসহ আটক জাহিদুল ইসলামকে বেনাপোল পোর্ট থানায় এবং অনিরুদ্ধ দাস অনিকে যশোর কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলমান রয়েছে।
এ বিষয়ে যশোর ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল গোলাম মোহাম্মদ সাইফুল আলম খান, পিএসসি বলেন, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির গোয়েন্দা তৎপরতা এবং বিশেষ অভিযান অব্যাহত রয়েছে।
এর ধারাবাহিকতায় নিয়মিত অভিযান পরিচালনার মাধ্যমে মাদকদ্রব্য ও বিভিন্ন ধরনের চোরাচালানি মালামাল জব্দ করা সম্ভব হচ্ছে। সীমান্ত সুরক্ষা এবং অবৈধ পাচার রোধে বিজিবির এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধে বিজিবির চলমান অভিযান স্থানীয় জনগণের মধ্যে ইতিবাচক প্রতিক্রিয়া সৃষ্টি করেছে বলে জানা গেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া