পীরগঞ্জ, ঠাকুরগাঁও | ২২ জুন ২০২৬ : ঠাকুরগাঁওয়ের পীরগঞ্জ পৌরসভার ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৮তম বাজেট ঘোষণা করা হয়েছে। নতুন অর্থবছরের জন্য ঘোষিত বাজেটের মোট আকার নির্ধারণ করা হয়েছে ৩ কোটি ৮৫ লাখ ৩৮ হাজার ৩৫০ টাকা, যা গত ২০২৫-২০২৬ অর্থবছরের বাজেটের তুলনায় ৫৭ লাখ ১৮ হাজার টাকা বেশি।
সোমবার (২২ জুন) পীরগঞ্জ পৌরসভা মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে বাজেট ঘোষণা করেন পীরগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার।
বাজেট ঘোষণা অনুষ্ঠানে পৌর প্রশাসক গোলাম রব্বানী সরদার বলেন, নাগরিক সেবার মানোন্নয়ন, অবকাঠামোগত উন্নয়ন এবং পৌর এলাকার সার্বিক আধুনিকায়নকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এবারের বাজেট প্রণয়ন করা হয়েছে।
তিনি জানান, বাজেটের আওতায় পৌর এলাকার বিভিন্ন সড়ক ও ড্রেন নির্মাণ ও সংস্কার, বর্জ্য ব্যবস্থাপনার উন্নয়ন, রাস্তার আলোকসজ্জা বৃদ্ধি, পরিবেশবান্ধব উদ্যোগ বাস্তবায়ন এবং জনসেবামূলক বিভিন্ন কার্যক্রম পরিচালনার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।
পৌর প্রশাসক আরও বলেন, “পৌরবাসীর প্রত্যাশা পূরণ এবং একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব পৌরসভা গড়ে তোলার লক্ষ্যে উন্নয়ন কার্যক্রম অব্যাহত থাকবে। বাজেট বাস্তবায়নের মাধ্যমে নাগরিক সুবিধা আরও সম্প্রসারিত হবে বলে আমরা আশাবাদী।”
অনুষ্ঠানে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা (ভারপ্রাপ্ত) ডা. কামাল আহমেদ, পীরগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুল হাকিম, উপজেলা প্রকৌশলী মাইদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মশিউর রহমান, উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা মির্জা মনোয়ার হোসেন এবং উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা রাহিম উদ্দিন উপস্থিত ছিলেন।
এছাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক উপজেলা চেয়ারম্যান জিয়াউল ইসলাম জিয়া, বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, পীরগঞ্জ পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা হরিপদ রায়, উপ-সহকারী প্রকৌশলী নূর শাহজাহান শাহ, প্রধান সহকারী নূর মোহাম্মদ চৌধুরীসহ পৌরসভার কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
উল্লেখ্য, গত ২০২৫-২০২৬ অর্থবছরে পীরগঞ্জ পৌরসভার বাজেটের আকার ছিল ৩ কোটি ২৮ লাখ ২০ হাজার ৩৫০ টাকা। নতুন অর্থবছরে বাজেট বৃদ্ধি পাওয়ায় পৌর এলাকার উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া