ফরিদপুর | ২২ জুন ২০২৬ : সম্ভাব্য আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে ফরিদপুরে সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। সরকারের নির্দেশনা অনুযায়ী সোমবার (২২ জুন) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে সেনাবাহিনীর একটি দল ফরিদপুর শহরে প্রবেশ করে দায়িত্ব গ্রহণ করে।
জানা গেছে, লেফটেন্যান্ট কর্নেল ইমরান হোসেনের নেতৃত্বে ১৫ আরই ব্যাটালিয়নের ১২৫ জন সেনাসদস্য ফরিদপুর জেলায় মোতায়েন করা হয়েছে। তারা আগামী এক সপ্তাহ মাঠপর্যায়ে অবস্থান করে জেলা প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে সহায়তা প্রদান করবে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, ২৩ জুনকে কেন্দ্র করে দেশের সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকারের পক্ষ থেকে ছয়টি জেলায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই অংশ হিসেবে ফরিদপুরেও সেনা মোতায়েন কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সম্মিতা সাহা বলেন, জননিরাপত্তা নিশ্চিত করা এবং যেকোনো অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে প্রশাসন সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে।
তিনি আরও বলেন, সরকারি নির্দেশনা অনুযায়ী ‘ইন এইড টু সিভিল পাওয়ার’-এর আওতায় এক সপ্তাহের জন্য সেনাবাহিনী মোতায়েন করা হয়েছে। এ সময় সেনাবাহিনী বেসামরিক প্রশাসন, পুলিশ ও অন্যান্য আইনশৃঙ্খলা বাহিনীকে প্রয়োজনীয় সহায়তা প্রদান করবে।
প্রশাসন সূত্রে জানা গেছে, জেলার গুরুত্বপূর্ণ স্থাপনা, জনসমাগমপূর্ণ এলাকা এবং সংবেদনশীল পয়েন্টগুলোতে নজরদারি জোরদার করা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্থিতিশীল রাখতে সেনাবাহিনী ও প্রশাসনের সমন্বিত তৎপরতা অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া