বগুড়া, ধুনট | ২০ জুন ২০২৬ : বগুড়ার ধুনট উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৮ গ্রাম গাঁজাসহ শাহ আলম শেখ (৩২) নামের এক যুবককে আটক করেছে প্রশাসন। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড প্রদান করা হয়।
শনিবার (২০ জুন) সকালে উপজেলার সদরপাড়া এলাকায় মাদকবিরোধী বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানের সময় সন্দেহভাজন হিসেবে শাহ আলম শেখকে আটক করা হলে তার দেহ তল্লাশি করে ৮ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
আটক শাহ আলম শেখ উপজেলার সদরপাড়া গ্রামের পিয়ার আলীর ছেলে বলে জানা গেছে।
পরে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় শাহ আলম শেখকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড এবং ৫০ টাকা অর্থদণ্ড প্রদান করেন।
রায় ঘোষণার পর পুলিশ পাহারায় তাকে জেলহাজতে পাঠানো হয়েছে।
অভিযানকালে উপস্থিত ছিলেন এসআই তাহিদুল আলম এবং মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, বগুড়ার কর্মকর্তাসহ সংশ্লিষ্ট টিমের সদস্যরা।
স্থানীয় প্রশাসন জানিয়েছে, মাদক নির্মূলে নিয়মিত অভিযান অব্যাহত থাকবে এবং মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া