জয়পুরহাট | ১৮ জুন ২০২৬ : দলীয় শৃঙ্খলা পরিপন্থী ও অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে জয়পুরহাটের পাঁচবিবি পৌর বিএনপির দুই নেতাকে দলীয় সকল পদ-পদবি থেকে বহিষ্কার করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) পাঁচবিবি পৌর বিএনপির আহ্বায়ক আবু হাসনাত মণ্ডল হেলাল এবং যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট স্বাক্ষরিত পৃথক বহিষ্কারাদেশে এ সিদ্ধান্তের কথা জানানো হয়।
বহিষ্কৃত নেতারা হলেন পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি আমিনুল সরকার এবং সাংগঠনিক সম্পাদক ফিরোজ মণ্ডল।
দলীয় সূত্রে জানা গেছে, সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ওই দুই নেতার মাদক সেবনের একটি ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। ভিডিওটি নিয়ে স্থানীয় রাজনৈতিক অঙ্গন ও সাধারণ মানুষের মধ্যে ব্যাপক আলোচনা-সমালোচনার সৃষ্টি হয়। বিষয়টি পাঁচবিবি পৌর বিএনপির নজরে আসার পর সাংগঠনিকভাবে তদন্ত ও পর্যালোচনা করা হয়।
পরবর্তীতে দলীয় শৃঙ্খলা, নৈতিকতা এবং সংগঠনের ভাবমূর্তি রক্ষার স্বার্থে তাদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করে পৌর বিএনপি।
পাঁচবিবি পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক জিয়াউল ফেরদৌস রাইট বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করে বলেন, “দলীয় শৃঙ্খলা পরিপন্থী এবং অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে সাংগঠনিক সিদ্ধান্ত অনুযায়ী তাদের বহিষ্কার করা হয়েছে।”
স্থানীয় রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, দলীয় শৃঙ্খলা বজায় রাখতে বিএনপির এই সিদ্ধান্ত সংগঠনের জন্য একটি গুরুত্বপূর্ণ বার্তা হিসেবে কাজ করবে। একই সঙ্গে বিতর্কিত কর্মকাণ্ডে জড়িত নেতাকর্মীদের বিরুদ্ধে কঠোর অবস্থানেরও ইঙ্গিত দেয় এ পদক্ষেপ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া