জয়পুরহাট | ১৮ জুন ২০২৬ : জয়পুরহাট-এর ক্ষেতলাল উপজেলা-এ ৭ বছর বয়সী এক শিশুকে ধর্ষণের দায়ে আব্দুর রহিম ওরফে কাইল্যা মণ্ডল (৪৪) নামে এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন) বিকেলে জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. আব্দুর রহমান এ রায় ঘোষণা করেন।
দণ্ডপ্রাপ্ত আব্দুর রহিম ক্ষেতলাল উপজেলা-এর জালিয়াপাড়া এলাকার মৃত জসিম উদ্দিন ওরফে জমির মণ্ডলের ছেলে।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০১৭ সালের ২৯ আগস্ট সকাল পৌনে ১১টার দিকে স্থানীয় একটি বিদ্যালয়ের প্রথম শ্রেণির ওই শিশু বাড়ির পাশে খেলছিল। এ সময় অভিযুক্ত আব্দুর রহিম শিশুটিকে ফুসলিয়ে পাশের শসা ক্ষেতে নিয়ে গিয়ে জোরপূর্বক ধর্ষণ করে।
ঘটনার পর শিশুটিকে গুরুতর আহত অবস্থায় প্রথমে ক্ষেতলাল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ ভর্তি করা হয় এবং পরে উন্নত চিকিৎসার জন্য জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে স্থানান্তর করা হয়।
এ ঘটনায় শিশুটির বাবা মো. তাইজুল ইসলাম ক্ষেতলাল থানায় মামলা দায়ের করেন। তদন্ত শেষে পুলিশ আদালতে অভিযোগপত্র দাখিল করে।
দীর্ঘ বিচারিক প্রক্রিয়া, সাক্ষ্য-প্রমাণ ও নথিপত্র পর্যালোচনা শেষে আদালত আসামির বিরুদ্ধে আনীত অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হওয়ায় তাকে যাবজ্জীবন কারাদণ্ড ও ৫০ হাজার টাকা জরিমানা দেন।
রাষ্ট্রপক্ষের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট রিনাত ফেরদৌসী রিনি বিষয়টি নিশ্চিত করেন।
রায়ের পর ভুক্তভোগী পরিবার সন্তোষ প্রকাশ করে এবং স্থানীয় সচেতন মহল এই রায়কে স্বাগত জানায়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া