নরসিংদী | ১৬ জুন ২০২৬ : নরসিংদীতে বিভাটেক (মিশুক) চালক সারোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করে গাড়ি ছিনতাইয়ের চাঞ্চল্যকর ও ক্লু-লেস হত্যাকাণ্ডের মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই রহস্য উদঘাটন করেছে নরসিংদী জেলা পুলিশ।

এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে এবং ছিনতাইকৃত বিভাটেক গাড়িসহ চারটি ব্যাটারি উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃত আসামিরা হলেন মো. আনোয়ার হোসেন (২৭), পিতা- আবুল হোসেন, গ্রামের বাড়ি কিশোরগঞ্জ জেলার হারুয়া এলাকায় হলেও বর্তমানে নরসিংদীর টাওয়াদী এলাকায় বসবাস করেন এবং আশিক (২১), পিতা- কবির হোসেন, নরসিংদী জেলার বুদিয়ামারা এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গ্রেফতারকৃত আসামি মো. আনোয়ার হোসেন আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি প্রদান করেছেন।
নিহত সারোয়ার হোসেন (২২) নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার চন্দগাতী গ্রামের হাজি রহমানের ছেলে। তিনি নরসিংদীর টাওয়াদী এলাকায় ভাড়া বাসায় থেকে বিভাটেক চালিয়ে জীবিকা নির্বাহ করতেন।
জানা যায়, গত ১৩ জুন দুপুরে সারোয়ার তার বিভাটেক গাড়ি নিয়ে গ্যারেজ থেকে বের হওয়ার পর আর বাসায় ফেরেননি। পরিবারের সদস্যরা বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাননি। পরে ১৫ জুন রাত সাড়ে ১২টার দিকে নরসিংদী মডেল থানার নজরপুর ইউনিয়নের চম্পকনগর এলাকার মেঘনা শাখা নদীর বেরিবাঁধ সংলগ্ন ঝোপের ভেতর থেকে তার গলাকাটা মরদেহ উদ্ধার করে পুলিশ।
এ ঘটনায় নিহতের পিতা বাদী হয়ে নরসিংদী মডেল থানায় অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে একটি হত্যা মামলা দায়ের করেন।
মামলা দায়েরের পর নরসিংদী জেলার পুলিশ সুপার মো. আবদুল্লাহ্-আল-ফারুকের সার্বিক দিকনির্দেশনায় নরসিংদী মডেল থানার একটি চৌকস তদন্ত দল কাজ শুরু করে। তথ্যপ্রযুক্তি, গোয়েন্দা তথ্য ও বিভিন্ন সূত্রের সহায়তায় দ্রুত তদন্ত চালিয়ে হত্যাকাণ্ডের মূল রহস্য উদঘাটন করা হয় এবং নরসিংদীর বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করে দুই আসামিকে গ্রেফতার করা হয়।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃত আসামিরা সারোয়ার হোসেনকে গলা কেটে হত্যা করে বিভাটেক গাড়ি ছিনতাইয়ের বিষয়টি স্বীকার করেছে বলে জানিয়েছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাইকৃত বিভাটেক গাড়ি ও চারটি ব্যাটারি উদ্ধার করা হয়।
পুলিশ জানিয়েছে, গ্রেফতারকৃত আসামিদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ শেষে আদালতে প্রেরণ করা হয়েছে। একই সঙ্গে হত্যাকাণ্ডের সঙ্গে অন্য কেউ জড়িত আছে কি না, সে বিষয়েও তদন্ত অব্যাহত রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া