কুমিল্লা | ১৬ জুন ২০২৬ : কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষের নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু সংস্থাটির অস্থায়ী কার্যালয় পরিদর্শন করেছেন। এ সময় তিনি কুমিল্লা শহরের চলমান উন্নয়ন কার্যক্রম, ভবিষ্যৎ নগর পরিকল্পনা, অবকাঠামো উন্নয়ন এবং নাগরিক সেবার মানোন্নয়ন নিয়ে সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে বিস্তারিত মতবিনিময় করেন।

সম্প্রতি কুমিল্লা গণপূর্ত অধিদপ্তরের তিনতলা ভবনে অবস্থিত কুমিল্লা উন্নয়ন কর্তৃপক্ষ–এর অস্থায়ী কার্যালয়ে এই পরিদর্শন অনুষ্ঠিত হয়। পরিদর্শনকালে চেয়ারম্যান কার্যালয়ের সার্বিক কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন এবং উন্নয়ন প্রকল্প বাস্তবায়নের অগ্রগতি নিয়ে সন্তোষ প্রকাশ করেন।
এ সময় তিনি গণপূর্ত অধিদপ্তর–এর কুমিল্লা সার্কেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. ওসমান গণীর সঙ্গে মতবিনিময় করেন। আলোচনায় কুমিল্লা শহরের পরিকল্পিত ও টেকসই উন্নয়ন, বিভিন্ন প্রকল্পের অগ্রগতি, নগর ব্যবস্থাপনার আধুনিকায়ন এবং ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনা বাস্তবায়নের কৌশল নিয়ে গুরুত্বারোপ করা হয়।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) কুমিল্লা দক্ষিণ জেলা সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ, ভিপি ওয়াসিম, গণপূর্ত বিভাগের নির্বাহী প্রকৌশলী নাজমুল হাসান হীরা এবং সংশ্লিষ্ট দপ্তরের অন্যান্য কর্মকর্তারা।
সভায় বক্তারা কুমিল্লাকে একটি আধুনিক, পরিকল্পিত ও বাসযোগ্য নগরী হিসেবে গড়ে তুলতে সকল সংস্থার মধ্যে সমন্বিত উদ্যোগ গ্রহণের ওপর গুরুত্ব দেন।
নবনিযুক্ত চেয়ারম্যান উদবাতুল বারী আবু কুমিল্লার উন্নয়ন কার্যক্রমকে আরও গতিশীল, জনমুখী ও কার্যকর করার প্রত্যয় ব্যক্ত করেন এবং সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া