চাঁপাইনবাবগঞ্জ, নাচোল | ১৫ জুন ২০২৬ :
চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলায় মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহারের বিরুদ্ধে সচেতনতা গড়ে তুলতে শিক্ষার্থীদের নিয়ে মতবিনিময় সভা ও শপথ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন) দুপুর ১২টায় নাচোল উপজেলার এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের হলরুমে টিফিনের টাকায় পরিচালিত স্বেচ্ছাসেবী সংগঠন ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’-এর উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে মাদক, স্মার্টফোনে আসক্তি, কিশোর অপরাধ ও বাল্যবিবাহকে প্রতীকীভাবে ‘লাল কার্ড’ প্রদর্শনের মাধ্যমে শিক্ষার্থীদের সচেতন করা হয়।
অনুষ্ঠানে বিদ্যালয়ের প্রায় ৩০০ শিক্ষার্থী অংশগ্রহণ করেন এবং উন্নত চরিত্র গঠন, মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা, কিশোর অপরাধ প্রতিরোধ ও বাল্যবিবাহ বন্ধে শপথ গ্রহণ করেন।
এশিয়ান স্কুল অ্যান্ড কলেজের চেয়ারম্যান মো. ইসহাক আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাচোল থানার অফিসার ইনচার্জ (ওসি) সুকোমল চন্দ্র দেবনাথ। এছাড়া বক্তব্য রাখেন উপ-পুলিশ পরিদর্শক (এসআই) মো. জিয়াউর রহমান, লাল সবুজ উন্নয়ন সংঘের কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল এবং সাংগঠনিক সম্পাদক শাহাদাত হোসেন।
অনুষ্ঠানে বক্তারা বলেন, বর্তমান সময়ে মাদকাসক্তি, কিশোর অপরাধ, বাল্যবিবাহ এবং স্মার্টফোনের অপব্যবহার সমাজের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। এসব সামাজিক ব্যাধি থেকে শিক্ষার্থীদের দূরে রাখতে পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সামাজিক সংগঠনগুলোকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
পরে সংগঠনের প্রতিষ্ঠাতা ও কেন্দ্রীয় সভাপতি কাওসার আলম সোহেল শিক্ষার্থীদের শপথ বাক্য পাঠ করান। শপথে শিক্ষার্থীরা মাদক, বাল্যবিবাহ, কিশোর অপরাধ ও স্মার্টফোনের অপব্যবহার থেকে দূরে থাকার অঙ্গীকার করেন।
আয়োজকরা জানান, ‘লাল সবুজ উন্নয়ন সংঘ’ গত ১৫ বছর ধরে দেশের ৬৪ জেলায় শিক্ষার্থীদের সামাজিক সচেতনতা বৃদ্ধিতে কাজ করে যাচ্ছে। সংগঠনটির সদস্যরা বিভিন্ন কলেজ ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী। তারা প্রতি মাসে নিজেদের একদিনের টিফিনের টাকা সাশ্রয় করে দেশের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করেন। বর্তমানে সংগঠনটি রাজশাহী বিভাগজুড়ে সচেতনতামূলক সফর পরিচালনা করছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া