চট্টগ্রামে বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের উদ্যোগে “মানবতার রাজনীতি সমাবেশ ও সালাতু সালাম মাহফিল” অনুষ্ঠিত হয়েছে। দেশের বর্তমান পরিস্থিতি, মানবতার রাজনীতি, ইসলাম ও মুসলিম উম্মাহর সংকট এবং সালাতু সালামের গুরুত্ব তুলে ধরে এ মাহফিলে গুরুত্বপূর্ণ বক্তব্য দেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের চেয়ারম্যান আল্লামা ইমাম হায়াত।
চট্টগ্রাম জেলা কার্যালয়ে আয়োজিত এ মাহফিলে সভাপতিত্ব করেন আল্লামা ইমাম হায়াত। অনুষ্ঠানে দেশ ও ধর্ম রক্ষা, মানবতার রাজনীতি প্রতিষ্ঠা এবং সাম্প্রতিক সামাজিক ও রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আলোচনা করা হয়।
বক্তব্যের শুরুতে আল্লামা ইমাম হায়াত পবিত্র কোরআনের সুরা আহজাবের ৫৬ নম্বর আয়াত তেলাওয়াত করেন—
“إِنَّ ٱللَّهَ وَمَلَـٰٓئِكَتَهُۥ يُصَلُّونَ عَلَى ٱلنَّبِىِّ ۚ يَـٰٓأَيُّهَا ٱلَّذِينَ ءَامَنُوا۟ صَلُّوا۟ عَلَيْهِ وَسَلِّمُوا۟ تَسْلِيمًا”
এর ব্যাখ্যায় তিনি বলেন, সালাতু সালাম কেবল একটি আমল নয়, বরং এটি ঈমানের অবিচ্ছেদ্য অংশ। আল্লাহ তাআলা নিজেই ফেরেশতাদের সঙ্গে সালাতু সালাম পাঠ করছেন এবং মুমিনদেরও এতে শরিক হওয়ার নির্দেশ দিয়েছেন।
তিনি বলেন, “সালাতু সালাম অতুলনীয় ঈমানী আমল এবং এটি স্বয়ং আল্লাহতাআলার আমল। নামাজ, রোজাসহ সব ইবাদতের প্রাণ হলো সালাতু সালাম।”
আল্লামা ইমাম হায়াত আরও বলেন, দয়াময় আল্লাহতাআলার রহমত, ক্ষমা ও রূহানী মর্যাদা লাভের অন্যতম মাধ্যম হচ্ছে সালাতু সালাম। তিনি বলেন, সালাতু সালামের মাধ্যমে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের প্রতি ভালোবাসা ও তাজিম প্রকাশ পায়।
তিনি দাবি করেন, সালাতু সালাম ছাড়া কোনো দোয়া ও ইবাদত পূর্ণতা পায় না। এ বিষয়ে তিনি হাদিস শরীফের উদ্ধৃতি দিয়ে বলেন, “সালাতু সালাম ছাড়া দোয়া আসমান ও জমিনের মাঝে আবদ্ধ থাকে।”
মাহফিলে আল্লামা ইমাম হায়াত মানবতার রাজনীতির প্রয়োজনীয়তার ওপর গুরুত্বারোপ করে বলেন, “রাষ্ট্র কোনো একক গোষ্ঠীর নয়, এটি সব মানুষের। মানবতার রাজনীতিই পারে মানবসত্তাকে সুরক্ষিত ও বিকশিত করতে।”
তিনি বিশ্বব্যাপী ইসলাম ও মুসলিম মিল্লাতের বর্তমান সংকটময় পরিস্থিতির কথা উল্লেখ করে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান এবং দুনিয়ার সব মানুষের শান্তি, নিরাপত্তা ও মুক্তির জন্য দোয়া করেন।
অনুষ্ঠানে সালাতু সালাম পরিচালনা করেন মুফতি আল্লামা রেজাউল কাউসার। শেষে দেশ, জাতি ও সমগ্র মানবজাতির শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মুনাজাত অনুষ্ঠিত হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া