কুমিল্লা | ১৩ জুন ২০২৬ : কুমিল্লার দাউদকান্দিতে মাদকবিরোধী বিশেষ অভিযানে ১০ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে দাউদকান্দি মডেল থানা পুলিশ। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি প্রাইভেটকারও জব্দ করা হয়।
শনিবার (১৩ জুন) সকাল সাড়ে ৬টার দিকে দাউদকান্দি মডেল থানাধীন মেঘনা-গোমতী সেতুর টোলপ্লাজার প্রায় ৩০০ গজ পশ্চিমে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকামুখী লেনে এ অভিযান পরিচালনা করা হয়।
গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মো. আবু হানিফ (৩০)। তিনি শরীয়তপুর জেলার গোসাইরহাট থানার রশিদ হাওলাদারেরকান্দি গ্রামের মৃত আলাউদ্দিন হাওলাদারের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে দাউদকান্দি মডেল থানা পুলিশ ওই এলাকায় বিশেষ চেকপোস্ট পরিচালনা করে। এ সময় একটি সন্দেহভাজন প্রাইভেটকারে তল্লাশি চালিয়ে ১০ কেজি গাঁজা উদ্ধার করা হয়। পরে গাড়িতে থাকা আবু হানিফকে আটক করে জিজ্ঞাসাবাদ শেষে গ্রেফতার দেখানো হয়।
ঘটনার সত্যতা নিশ্চিত করে দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী জানান, উদ্ধারকৃত গাঁজা ও মাদক পরিবহনে ব্যবহৃত প্রাইভেটকার জব্দ করা হয়েছে। এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
তিনি আরও জানান, গ্রেফতারকৃত আসামিকে শনিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে। মাদক নির্মূলে দাউদকান্দি মডেল থানা নিয়মিত অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও মাদক কারবারিদের বিরুদ্ধে কঠোর অভিযান অব্যাহত থাকবে।
পুলিশের এ অভিযানে স্থানীয় জনগণের মধ্যে স্বস্তি ফিরে এসেছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। মাদক পাচার ও কারবার নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলা বাহিনীর ধারাবাহিক তৎপরতা আরও জোরদার করা হবে বলে জানা গেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া