কুড়িগ্রাম, ভূরুঙ্গামারী | ১৩ জুন ২০২৬ : কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় খাইয়ে অটোরিকশা ছিনতাইয়ের ঘটনায় ছিনতাইকারী চক্রের দুই সদস্যকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃতদের কাছ থেকে ইয়াবা ট্যাবলেটও উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন উপজেলার বঙ্গসোনাহাট ইউনিয়নের দক্ষিণ ভরতের ছড়া এলাকার বাসিন্দা ফেরদৌস রহমান অন্তর (২৮) ও মাসুদ মিয়া (২৫)। পুলিশ জানিয়েছে, তাদের কাছ থেকে তিন পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়েছে।
পুলিশ ও অভিযোগ সূত্রে জানা যায়, গত ৩১ মে সকাল ৮টা থেকে ১১টার মধ্যে ভুরুঙ্গামারী বাসস্ট্যান্ড থেকে যাত্রীবেশে অটোরিকশায় ওঠে একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্র। অটোরিকশা চালক মো. রকি (১৯) নাগেশ্বরীর দিকে রওনা হলে পথিমধ্যে দুর্বৃত্তরা তাকে কৌশলে ক্যামিক্যাল বা ঘুমের ওষুধ মিশ্রিত পানি পান করায়। কিছুক্ষণ পর তিনি অসুস্থ ও অচেতন হয়ে পড়লে তাকে রাস্তায় নামিয়ে রেখে অটোরিকশাটি নিয়ে পালিয়ে যায় ছিনতাইকারীরা।
ঘটনার পর ভুক্তভোগীর নানা মো. রুস্তম আলী (৭৩)
ভূরুঙ্গামারী থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং একটি সক্রিয় অটোরিকশা চোর ও ছিনতাইকারী চক্রের সন্ধান পায়।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন এবং ভূরুঙ্গামারী থানার এসআই (নিরস্ত্র) মো. জাহিদুল ইসলামের নেতৃত্বে ১২ জুন দিবাগত রাত ১টা থেকে ৩টা পর্যন্ত থানাঘাট এলাকাসহ বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ছিনতাইকারী চক্রের দুই সদস্য অন্তর ও মাসুদকে গ্রেফতার করা হয়।
পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতারকৃতরা স্বীকার করেছে যে, ছিনতাইকৃত অটোরিকশাটি নাগেশ্বরী উপজেলার রায়গঞ্জ বাজারের একটি শোরুমে বিক্রি করা হয়েছে। এছাড়া এ ঘটনায় জড়িত মনিনুর রহমান (২৭) নামে আরও একজন সহযোগী বর্তমানে পলাতক রয়েছে বলে তারা জানিয়েছে।
ভূরুঙ্গামারী সার্কেলের সহকারী পুলিশ সুপার মুনতাসির মামুন মুন বলেন, “গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, চুরি ও ছিনতাই-সংক্রান্ত ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে। পলাতক আসামিদের গ্রেফতার এবং ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।”
স্থানীয়রা দ্রুত ছিনতাইকৃত অটোরিকশা উদ্ধার ও চক্রের বাকি সদস্যদের আইনের আওতায় আনার দাবি জানিয়েছেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া