হরিরামপুর, মানিকগঞ্জ | ১৩ জুন ২০২৬ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বাল্লা ইউনিয়নের শিকদারপাড়া গ্রামে ক্রয়কৃত জমি অবৈধভাবে দখলের চেষ্টা, ভয়-ভীতি প্রদর্শন ও হয়রানির অভিযোগ উঠেছে স্থানীয় একটি পক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় আদালতে মামলা দায়ের করা হয়েছে এবং বিরোধপূর্ণ জমিকে কেন্দ্র করে এলাকায় উত্তেজনা বিরাজ করছে।
ভুক্তভোগী পরিবারের অভিযোগ, ভাষান শেখের বংশধরদের মধ্যে ফেরদৌস শেখ, মোতালেব শেখ, রফিক শেখসহ কয়েকজন ব্যক্তি দীর্ঘদিন ধরে তাদের ক্রয়কৃত ও ভোগদখলকৃত জমি জোরপূর্বক দখলের চেষ্টা চালিয়ে আসছেন।
ভুক্তভোগী খন্দকার সোহরাব উদ্দিনের ছেলে ইশার আলী (৪০) জানান, প্রতিপক্ষের অব্যাহত হয়রানি ও দখলচেষ্টার কারণে তারা আদালতের শরণাপন্ন হতে বাধ্য হয়েছেন। এ বিষয়ে মানিকগঞ্জের বিজ্ঞ সহকারী জজ আদালতে একটি মামলা দায়ের করা হয়েছে, যার মামলা নম্বর ৮৮/২০২৫।
মামলার অভিযোগে উল্লেখ করা হয়েছে, বিবাদীরা অবৈধভাবে লাভবান হওয়ার উদ্দেশ্যে বাদীপক্ষের দখলকৃত জমিতে প্রবেশ করে আবাদকৃত ফসল নষ্ট করার চেষ্টা করে। পাশাপাশি বসতঘরের দরজা-জানালা ভাঙচুরের চেষ্টা এবং দেশীয় অস্ত্র প্রদর্শনের মাধ্যমে ভয়-ভীতি দেখানো হয়। এ সময় বাদীপক্ষ বাধা দিতে গেলে প্রশাসন ও স্থানীয় প্রভাবশালীদের নাম ব্যবহার করে হুমকি দেওয়া হয়েছে বলেও অভিযোগ করা হয়।
বাদীপক্ষের পরিবারের সদস্যরা জানান, বর্তমানে তারা চরম আতঙ্কের মধ্যে দিন কাটাচ্ছেন। বিশেষ করে রাতে সন্তানদের নিয়ে নিরাপত্তাহীনতায় ভুগছেন। যেকোনো সময় তাদের ওপর হামলা হতে পারে—এমন আশঙ্কা থেকেই তারা রাত জেগে পাহারা দিচ্ছেন।
সরেজমিনে স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, বাদীপক্ষ দীর্ঘদিন ধরে উক্ত জমি ভোগদখল করে আসছে এবং সেখানে তাদের বসতঘরও রয়েছে। তবে জমির মালিকানা ও দখল নিয়ে উভয় পক্ষ আদালতে পৃথক মামলা দায়ের করেছে।
স্থানীয় সূত্রে জানা গেছে, মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত বিরোধপূর্ণ জমিতে কোনো পক্ষ যাতে আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটাতে না পারে, সে লক্ষ্যে হরিরামপুর থানা প্রশাসনের উদ্যোগে আদালতের নির্দেশনা অনুযায়ী ১৪৪ ধারা জারি রয়েছে।
অভিযোগের বিষয়ে জানতে চাইলে বিবাদী মোতালেব শেখ বলেন, “আমাদের বিরুদ্ধে আনা অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। কিছু জমি আমরা বাদীপক্ষের কাছে পাওনা রয়েছি, কিন্তু তারা তা বুঝিয়ে দিচ্ছে না। আমরা আইনের প্রতি শ্রদ্ধাশীল। আদালতে মামলাও করেছি। আদালত যে রায় দেবেন, আমরা তা মেনে নেব।”
এ বিষয়ে হরিরামপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আফজাল হোসাইন বলেন, “যেহেতু বিষয়টি আদালতে বিচারাধীন, তাই কোনো পক্ষেরই ভয়-ভীতি প্রদর্শন করে বা জোরপূর্বক জমি দখলের সুযোগ নেই। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে।”
জমি সংক্রান্ত বিরোধের সুষ্ঠু ও দ্রুত নিষ্পত্তির মাধ্যমে এলাকায় শান্তি-শৃঙ্খলা ফিরিয়ে আনার দাবি জানিয়েছেন স্থানীয় সচেতন মহল।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া