কুড়িগ্রাম | ১২ জুন ২০২৬ : সারা বিশ্ব যখন ফিফা বিশ্বকাপ ফুটবল নিয়ে ব্যস্ত, ঠিক তখনই বাংলাদেশের গ্রাম-গঞ্জেও ছড়িয়ে পড়েছে বিশ্বকাপের উন্মাদনা। শুক্রবার দিবাগত রাত ১টায় অনুষ্ঠিত তেইশতম ফিফা বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচকে কেন্দ্র করে কুড়িগ্রামসহ দেশের বিভিন্ন গ্রামে দেখা গেছে উৎসবমুখর পরিবেশ।
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজিত এবারের বিশ্বকাপে ৪৮টি দেশ অংশ নিচ্ছে। উদ্বোধনী ম্যাচটি রাতের গভীরে অনুষ্ঠিত হলেও তা উপেক্ষা করে হাজারো ফুটবলপ্রেমী জেগে থেকে খেলা উপভোগ করেন।
গ্রামের বিভিন্ন খোলা মাঠ, চায়ের দোকান ও বাড়ির আঙিনা পরিণত হয় অস্থায়ী স্টেডিয়ামে। কেউ টেলিভিশনে, কেউ মোবাইল ফোনে আবার কেউ বড় পর্দা টাঙিয়ে খেলা উপভোগ করেন। শিশু থেকে শুরু করে বৃদ্ধ—সব বয়সী মানুষের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো।
খেলা চলাকালীন সময় নিজ নিজ প্রিয় দলের সমর্থনে চলে তর্ক-বিতর্ক, হাসাহাসি ও আনন্দঘন মুহূর্ত। কারো হাতে দেখা যায় পতাকা, আবার কেউ পরেছেন জাতীয় দলের জার্সি। আতশবাজি, গান-বাজনা ও নাচ-গানের মধ্য দিয়ে পুরো এলাকা হয়ে ওঠে এক উৎসবের নগরী।
ভেলাকোপার বাসিন্দা মোঃ গনি মিয়া বলেন, “চার বছর পর পর বিশ্বকাপ হয়। আমরা সারাবছর এই সময়টার অপেক্ষায় থাকি। রাতে খেলা হলেও সবাই মিলে একসাথে খেলা দেখছি, খুব ভালো লাগছে। আমি জার্মানির সমর্থক।”
অন্যদিকে ফুটবলপ্রেমী হাসান বলেন, “আমি ব্রাজিলের সমর্থক হলেও আজ মেক্সিকো-সাউথ আফ্রিকা ম্যাচ দেখতে এসেছি। সবাই একসাথে খেলা দেখার আনন্দই আলাদা।”
বিশ্বকাপকে ঘিরে শুধু শহর নয়, গ্রামের প্রত্যন্ত অঞ্চলগুলোতেও এখন উৎসবের আমেজ বিরাজ করছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া