কুমিল্লা | ১১ জুন ২০২৬ : কুমিল্লার দাউদকান্দি মডেল থানা পুলিশের পৃথক অভিযানে ১ কেজি গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী, একটি নিষিদ্ধঘোষিত সংগঠনের সদস্য, একটি চুরি মামলার আসামি এবং একজন জিআর পরোয়ানাভুক্ত আসামিসহ মোট চারজনকে গ্রেফতার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন— বাংলাদেশ শ্রমিক লীগ দাউদকান্দি উপজেলা শাখার সহ-সভাপতি মো. আনোয়ার হোসেন (৩৯), চুরি মামলার আসামি মো. তুহিন (২০), ১ কেজি গাঁজাসহ তাছলিমা বেগম ওরফে রোজিনা (৩৫) এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজাম (২০)।
পুলিশ সূত্রে জানা যায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, মাদক নিয়ন্ত্রণ এবং পলাতক আসামিদের গ্রেফতারে দাউদকান্দি মডেল থানা পুলিশ বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় পৃথক স্থান থেকে তাদের গ্রেফতার করা হয়। এ সময় তাছলিমা বেগম রোজিনার কাছ থেকে ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়।
এছাড়া নিষিদ্ধঘোষিত একটি সংগঠনের সদস্য হিসেবে মো. আনোয়ার হোসেনকে আটক করা হয়। একই অভিযানে চুরি মামলার আসামি মো. তুহিন এবং জিআর পরোয়ানাভুক্ত আসামি নাজিম উদ্দিন নিজামকে গ্রেফতার করা হয়।
দাউদকান্দি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল বারী বলেন, অপরাধ দমন, মাদক নিয়ন্ত্রণ ও আদালতের পরোয়ানাভুক্ত আসামিদের গ্রেফতারে নিয়মিত অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।
গ্রেফতারকৃতদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে বলে পুলিশ নিশ্চিত করেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া