বরিশাল | ৬ জুন ২০২৬ : বরিশাল মহানগরীতে ইয়াবা ও গাঁজাসহ এক পুলিশ কনস্টেবলকে আটক করেছে পুলিশ। আটককৃত পুলিশ সদস্যের নাম তানহান আহমেদ নীরব (২৫)। তিনি বরিশাল মেট্রোপলিটন পুলিশ (বিএমপি) লাইন্সের রেশন স্টোরে কর্মরত ছিলেন বলে জানা গেছে। এ ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, নগরীর কেডিসি কলোনি এলাকায় মাদকদ্রব্য কেনাবেচার গোপন সংবাদের ভিত্তিতে বুধবার (৩ জুন) দিবাগত রাত সাড়ে ১টার দিকে স্টিমারঘাট ফাঁড়ি পুলিশের একটি দল বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের সময় তানহান আহমেদ নীরবকে সন্দেহজনক অবস্থায় আটক করা হয়।
আটকের পর তিনি নিজেকে পুলিশ কনস্টেবল হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিয়ে তার দেহ তল্লাশি করা হলে ৫ পিস ইয়াবা ট্যাবলেট এবং ৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করে পুলিশ।
পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক কনস্টেবল মাদক বিক্রির সঙ্গে জড়িত থাকার বিষয়টি স্বীকার করেছেন। এ ঘটনায় বৃহস্পতিবার (৪ জুন) কোতোয়ালি মডেল থানার উপপরিদর্শক (এসআই) মো. শিহাব উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করেন।
কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল মামুন উল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, “আটক পুলিশ সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। বিষয়টি তদন্তাধীন রয়েছে। মাদকের বিরুদ্ধে চলমান অভিযানে কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পরিচয় বিবেচনা না করে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।”
আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যের বিরুদ্ধে মাদক সংশ্লিষ্ট অভিযোগে মামলা দায়েরের ঘটনায় এলাকায় ব্যাপক আলোচনা সৃষ্টি হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আরও বিস্তারিত তথ্য জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া