চাঁপাইনবাবগঞ্জ | ৪ জুন ২০২৬ : সরকারি কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল ও অন্যান্য নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের নামে প্রতারণার অভিযোগে মেসার্স মাসকুরা ট্রেডার্সের স্বত্বাধিকারী জেসমিনের বিরুদ্ধে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভুক্তভোগীরা।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে ১৪ নম্বর ধাইনগর ইউনিয়নসহ জেলার বিভিন্ন এলাকার ক্ষতিগ্রস্ত সাধারণ মানুষের উদ্যোগে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে অংশগ্রহণকারী নারী-পুরুষ বিভিন্ন দাবিসংবলিত প্ল্যাকার্ড হাতে নিয়ে অভিযুক্ত প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রতিবাদ জানান এবং ক্ষতিগ্রস্তদের অর্থ ফেরত দেওয়ার দাবি তোলেন।
এ সময় ভুক্তভোগীদের পক্ষে বক্তব্য দেন মো. ফারুক আলী, মো. সাইরুল ইসলাম, রানাউল ইসলাম, মো. শুকুরুদ্দীন ও মোছা. আফিয়া বেগমসহ আরও অনেকে।
বক্তারা অভিযোগ করেন, সরকারি বিভিন্ন সামাজিক সহায়তা কর্মসূচির আদলে বিশেষ কার্ডের মাধ্যমে চাল, ডাল, তেলসহ নিত্যপ্রয়োজনীয় পণ্য সরবরাহের প্রতিশ্রুতি দিয়ে তাদের কাছ থেকে টাকা সংগ্রহ করা হয়। কিন্তু নির্ধারিত সময় পার হয়ে গেলেও তারা প্রতিশ্রুত সুবিধা পাননি। ফলে শতাধিক পরিবার আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
তাদের দাবি, প্রতিষ্ঠানের প্রধান জেসমিন ও তার প্রতিনিধিরা বারবার বিভিন্ন ধরনের আশ্বাস দিলেও এখন পর্যন্ত ভুক্তভোগীদের অর্থ ফেরত দেওয়া হয়নি। এতে অনেক নিম্ন ও মধ্যবিত্ত পরিবার চরম আর্থিক সংকটে পড়েছে।
মানববন্ধনে বক্তারা ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন, ক্ষতিগ্রস্তদের অর্থ দ্রুত ফেরত প্রদান এবং অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান। একই সঙ্গে ভবিষ্যতে সাধারণ মানুষ যাতে এ ধরনের প্রতারণার শিকার না হন, সে বিষয়ে প্রশাসনের কার্যকর পদক্ষেপ কামনা করেন।
বক্তারা আরও বলেন, জেসমিন বর্তমানে জেল হাজতে রয়েছেন। তারা চান, মামলার তদন্ত ও বিচার প্রক্রিয়া সম্পন্ন না হওয়া পর্যন্ত তিনি যেন কোনোভাবেই জামিনে মুক্তি না পান।
মানববন্ধন শেষে ভুক্তভোগী ও এলাকাবাসীর স্বাক্ষরিত একটি আবেদন জেলা প্রশাসকের কার্যালয়ে জমা দেওয়া হয়। আবেদনপত্রে আত্মসাৎকৃত অর্থ দ্রুত ফেরত এবং অভিযুক্তদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়।
এদিকে, ক্ষতিগ্রস্তরা সতর্ক করে বলেন, তাদের দাবি দ্রুত বাস্তবায়ন না হলে ভবিষ্যতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া