মানিকগঞ্জ | ৪ জুন ২০২৬ : মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার বয়রা ইউনিয়নের বাহিরচর বেড়িবাঁধ থেকে দড়িকান্দি এলাকার ফারুক শিকদারের বাড়ি পর্যন্ত প্রায় ১ কিলোমিটার সরকারি সড়ক দীর্ঘ এক যুগ ধরে সংস্কার না হওয়ায় চরম দুর্ভোগে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও ভাঙনের সৃষ্টি হওয়ায় এটি বর্তমানে ঝুঁকিপূর্ণ ও চলাচলের অনুপযোগী হয়ে উঠেছে।

সরেজমিনে দেখা যায়, দীর্ঘদিন সংস্কার না হওয়ায় সড়কের বিভিন্ন অংশে খানাখন্দ তৈরি হয়েছে। বিশেষ করে বর্ষা মৌসুমে এসব গর্তে পানি জমে থাকায় পথচারী, মোটরসাইকেল আরোহী ও কৃষিপণ্য পরিবহনকারী যানবাহনের চলাচল মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে। ফলে প্রতিদিনই স্থানীয় জনগণকে নানাবিধ ভোগান্তির শিকার হতে হচ্ছে।
স্থানীয় বাসিন্দা লুৎফর মোল্লা বলেন, “দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে আমরা চরম দুর্ভোগে রয়েছি। প্রতিদিন চলাচলে ঝুঁকি নিতে হচ্ছে। দ্রুত রাস্তার সংস্কার কাজ শুরু করা প্রয়োজন।”
দড়িকান্দি এলাকার বাসিন্দা ফারুক শিকদার অভিযোগ করে বলেন, “একাধিকবার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে বিষয়টি জানানো হলেও এখন পর্যন্ত কোনো কার্যকর উদ্যোগ নেওয়া হয়নি। ফলে এলাকাবাসীর দুর্ভোগ দিন দিন বাড়ছে।”
স্থানীয় ভুক্তভোগী বিল্লাল শিকদার বলেন, “রাস্তাটি দ্রুত সংস্কার করা সময়ের দাবি। সাধারণ মানুষের স্বার্থে সংশ্লিষ্টদের জরুরি পদক্ষেপ নেওয়া উচিত।”
এ বিষয়ে হরিরামপুর উপজেলা বিএনপির সাবেক সহ-সভাপতি হাজী ওবাদুর রহমান বাবুল বলেন, “দীর্ঘদিন ধরে সড়কটি চলাচলের অনুপযোগী অবস্থায় রয়েছে। এলাকার মানুষের দুর্ভোগ লাঘবে দ্রুত সংস্কার কাজ বাস্তবায়ন করা প্রয়োজন। এ বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি।”
বয়রা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফরিদুর রহমান জানান, “রাস্তার বিষয়টি ইতোমধ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে। তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিয়েছেন।”
স্থানীয়দের দাবি, কৃষিপ্রধান এ অঞ্চলের মানুষের জীবনযাত্রা সহজ করতে এবং দুর্ঘটনার ঝুঁকি কমাতে দ্রুত সড়কটির সংস্কার কাজ শুরু করা হোক।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া