জয়পুরহাট | ৩ জুন ২০২৬ : বাংলাদেশ-ভারত সীমান্তে উত্তেজনার আবহের মধ্যেই জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তে আবারও আন্তর্জাতিক সীমান্ত আইন অমান্য করে কাঁটাতারের বেড়া দেওয়ার চেষ্টা করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। তবে স্থানীয়দের তথ্যের ভিত্তিতে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ওই কাজ বন্ধ করে দেয়।
স্থানীয় সূত্রে জানা যায়, পাঁচবিবি উপজেলার কয়া বিওপির আওতাধীন পূর্ব উচনা ঘোনাপাড়া সীমান্তের ২৮১ নম্বর প্রধান পিলারের ৪৭ ও ৪৮ নম্বর সাব-পিলারের নিকটবর্তী এলাকায় কয়েকদিন ধরে শূন্যরেখার কাছাকাছি কাঁটাতারের বেড়া স্থাপনের কাজ শুরু করে বিএসএফ সদস্যরা।
বিষয়টি স্থানীয় বাসিন্দাদের নজরে এলে তারা দ্রুত বিজিবিকে অবহিত করেন। খবর পেয়ে বিজিবি সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে বিএসএফকে বাধা দেয়। এ সময় উভয় বাহিনীর সদস্যদের মধ্যে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।
পরে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে বিজিবি ও বিএসএফের মধ্যে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সীমান্ত এলাকায় নতুন করে কাঁটাতারের বেড়া নির্মাণ কার্যক্রম বন্ধ রাখার বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হয়। তবে স্থানীয়দের অভিযোগ, বৈঠকের আগেই বিএসএফ সদস্যরা কয়েকটি স্থানে কাঁটাতারের অংশ স্থাপন করে ফেলেছিল।
এ ঘটনার পর সীমান্ত এলাকায় বিজিবি সতর্ক অবস্থান গ্রহণ করেছে। সীমান্তবর্তী জনপদে উদ্বেগ ও আতঙ্ক বিরাজ করছে বলে জানিয়েছেন স্থানীয়রা।
ঘটনার বিষয়ে বিজিবি ও বিএসএফের সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে যোগাযোগ করা হলে তারা আনুষ্ঠানিক কোনো মন্তব্য করতে রাজি হননি।
এদিকে সীমান্তবর্তী ধরঞ্জি ইউনিয়নের ইউপি সদস্য লাইজুর রহমান বলেন, “বিএসএফ মাঝেমধ্যে তাদের পুরোনো কাঁটাতারের বেড়া মেরামত করে থাকে। গত রাতে তারা বেড়া মেরামত বা নতুন করে স্থাপনের চেষ্টা করলে বিজিবি বাধা দেয়। এছাড়া বড় ধরনের কোনো ঘটনা ঘটেনি।”
উল্লেখ্য, বাংলাদেশ-ভারত সীমান্তে কাঁটাতারের বেড়া নির্মাণের ক্ষেত্রে উভয় দেশের মধ্যে বিদ্যমান সীমান্ত চুক্তি ও আন্তর্জাতিক বিধিবিধান অনুসরণ করার বাধ্যবাধকতা রয়েছে। সীমান্তের শূন্যরেখা সংলগ্ন এলাকায় যেকোনো স্থাপনা নির্মাণ দুই দেশের মধ্যে কূটনৈতিক ও নিরাপত্তাজনিত সংবেদনশীল বিষয় হিসেবে বিবেচিত হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া