কালিয়াকৈর, গাজীপুর | ৩ জুন ২০২৬ : গাজীপুরের কালিয়াকৈরে অস্ত্রের মুখে জিম্মি করে ছিনতাই হওয়া একটি প্রাইভেটকার উদ্ধার করেছে পুলিশ। একই সঙ্গে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।
বুধবার (৩ জুন) ভোররাত সাড়ে ৩টার দিকে উপজেলার সফিপুর পশ্চিমপাড়া এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কালিয়াকৈর থানা পুলিশ তাদের গ্রেপ্তার করে। এ সময় ছিনতাই হওয়া ঢাকা মেট্রো-গ-১৭-৪৭৯৬ নম্বরের প্রাইভেটকারটিও উদ্ধার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন রতনপুর এলাকার আবুল হোসেনের ছেলে মো. সামিন হোসেন (৩৪), রাখালিয়াচালা এলাকার শওকত মিস্ত্রীর ছেলে মো. তুহিন আলম (২৫) এবং পূর্ব মৌচাক রহমতের ১ নম্বর গেইট এলাকার মৃত সিদ্দিকের ছেলে কাজী সাব্বির হোসেন (২৬)। তিনি বর্তমানে রাখালিয়াচালা এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৯ মে গভীর রাতে রংপুর থেকে ঢাকাগামী একটি প্রাইভেটকার কালিয়াকৈরের সফিপুর এলাকায় পৌঁছালে মোটরসাইকেলযোগে আসা কয়েকজন দুর্বৃত্ত গাড়িটি থামানোর সংকেত দেয়। গাড়ি থামানোর পর তারা চালক ও তার সহযোগীকে অস্ত্রের মুখে জিম্মি করে নগদ ১৮ হাজার ৫০০ টাকা, একটি মোবাইল ফোন এবং গুরুত্বপূর্ণ কাগজপত্র ছিনিয়ে নেয়।
পরে ভুক্তভোগীদের জোরপূর্বক প্রাইভেটকারে তুলে উপজেলার রতনপুর এলাকার একটি নির্জন স্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে আরও একজন সহযোগী যোগ দিয়ে তাদের প্রাণনাশের হুমকি দেয় এবং গাড়ি থেকে নামিয়ে দিয়ে ছিনতাই হওয়া প্রাইভেটকারটি নিয়ে পালিয়ে যায়।
ঘটনার পর ভুক্তভোগী বাদী হয়ে কালিয়াকৈর থানায় মামলা দায়ের করলে পুলিশ তদন্ত শুরু করে। কালিয়াকৈর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শহিদুল ইসলামের সার্বিক তত্ত্বাবধানে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. সাইফুল ইসলামের নেতৃত্বে বিশেষ অভিযান পরিচালিত হয়।
মামলার তদন্তে গুরুত্বপূর্ণ তথ্য উদঘাটন, আসামিদের অবস্থান শনাক্তকরণ এবং অভিযান সফল করতে সাব-ইন্সপেক্টর মো. জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এসআই রেজাউল করিম, এসআই ইউসুফসহ পুলিশের একটি চৌকস দল অংশগ্রহণ করে।
বুধবার ভোরে পরিচালিত অভিযানে তিন আসামিকে গ্রেপ্তার করা হয় এবং ছিনতাই হওয়া প্রাইভেটকারটি উদ্ধার করা সম্ভব হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে মাদক, অপহরণ, ডাকাতির প্রস্তুতি ও অন্যান্য অপরাধে একাধিক মামলা রয়েছে। প্রাথমিক তদন্তে তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রিয় সদস্য বলে তথ্য পাওয়া গেছে।
কালিয়াকৈর থানার ওসি মো. শহিদুল ইসলাম জানান, গ্রেপ্তারকৃতদের আদালতে সোপর্দ করা হয়েছে। মামলার সুষ্ঠু তদন্তের স্বার্থে তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড আবেদন করা হয়েছে। এ ঘটনায় জড়িত পলাতক অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া