কক্সবাজারের উখিয়া উপজেলার রত্নাপালং ইউনিয়ন পরিষদে অভিযান চালিয়ে ৮২ বস্তা সরকারি ত্রাণের চাল জব্দ করেছে প্রশাসন। এ ঘটনায় চাল সংরক্ষণ কক্ষ সিলগালা করা হয়েছে এবং বিষয়টি তদন্তের আওতায় আনা হয়েছে।
সোমবার (১ জুন) সকালে গোপন সংবাদের ভিত্তিতে রত্নাপালং ইউনিয়ন পরিষদ পরিদর্শনে যান উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা। পরিদর্শনকালে তিনি ইউনিয়ন পরিষদের চাল সংরক্ষণ কক্ষ মনিটরিং করতে গিয়ে বিপুল পরিমাণ সরকারি ত্রাণের চাল অগোছালো অবস্থায় দেখতে পান।
পরে তিনি ইউনিয়ন পরিষদের সচিবের কাছে চাল বিতরণের মাস্টাররোল ও স্টক রেজিস্টার দেখতে চান। মাস্টাররোলের তথ্যের সঙ্গে গুদামে থাকা চালের পরিমাণ মিলিয়ে দেখার সময় ব্যাপক গড়মিল ধরা পড়ে। বিষয়টি সন্দেহজনক মনে হওয়ায় প্রশাসন তাৎক্ষণিকভাবে তদন্ত শুরু করে।
পরবর্তীতে সহকারী কমিশনার (ভূমি) দ্বিতীয় দফায় ইউনিয়ন পরিষদে গিয়ে চাল সংরক্ষণ কক্ষটি সিলগালা করে দেন এবং জব্দকৃত চাল প্রশাসনের হেফাজতে নেন।
স্থানীয় সূত্রে জানা গেছে, জব্দ করা ৮২ বস্তা চালের মধ্যে ৪৭ বস্তা ভিজিডি (VGD) কর্মসূচির এবং ৩৫ বস্তা ভিজিএফ (VGF) কর্মসূচির চাল থাকতে পারে। তবে প্রশাসনের পক্ষ থেকে বিষয়টি যাচাই-বাছাই করা হচ্ছে।
এ বিষয়ে উখিয়া উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শারমিন সুলতানা বলেন, “বিষয়টি মহিলা বিষয়ক অধিদপ্তর এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। আপাতত ৮২ বস্তা চাল জব্দ করে কক্ষটি সিলগালা করা হয়েছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।”
সরকারি ত্রাণ বিতরণ ব্যবস্থাপনায় স্বচ্ছতা নিশ্চিত করতে প্রশাসনের এই পদক্ষেপকে স্থানীয়রা ইতিবাচক হিসেবে দেখছেন। তদন্ত শেষে প্রকৃত ঘটনা উদঘাটিত হলে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে প্রশাসন সূত্রে জানা গেছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া