বাংলাদেশের স্বাধীনতার ঘোষক, বহুদলীয় গণতন্ত্রের প্রবর্তক ও সাবেক রাষ্ট্রপতি শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদাতবার্ষিকী উপলক্ষে গাজীপুরের কালিয়াকৈরে ব্যাপক কর্মসূচি পালন করেছে উপজেলা বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনগুলো। আলোচনা সভা, কুরআনখানি, দোয়া মাহফিল এবং দুঃস্থ মানুষের মাঝে বস্ত্র বিতরণের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
শনিবার (৩০ মে) সকাল ১০টায় কালিয়াকৈর উপজেলা বিএনপির দলীয় কার্যালয়ে কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে প্রধান অনুষ্ঠানের আয়োজন করা হয়। বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও বিএনপির জাতীয় নির্বাহী কমিটির শ্রম বিষয়ক সম্পাদক মোঃ হুমায়ুন কবির খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিপুলসংখ্যক নেতাকর্মী ও সাধারণ মানুষ অংশগ্রহণ করেন।
সকাল থেকেই উপজেলা, পৌরসভা ও বিভিন্ন ইউনিয়ন থেকে নেতাকর্মীরা দলীয় কার্যালয়ে জড়ো হতে থাকেন। আলোচনা সভায় বক্তারা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শন, দেশপ্রেম, মুক্তিযুদ্ধে অবদান, রাষ্ট্র পরিচালনায় ভূমিকা এবং বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠায় তার অবদানের বিভিন্ন দিক তুলে ধরেন।
বক্তারা বলেন, শহীদ জিয়াউর রহমান ছিলেন গণমানুষের নেতা। তার রাজনৈতিক আদর্শ ও রাষ্ট্রীয় দর্শন আজও বাংলাদেশের রাজনীতিতে গুরুত্বপূর্ণ প্রভাব বিস্তার করে চলেছে। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষায় তার অবদান ইতিহাসে চিরস্মরণীয় হয়ে থাকবে।
অনুষ্ঠান শেষে শহীদ জিয়াউর রহমান, মহান মুক্তিযুদ্ধে শহীদ বীর সন্তানদের আত্মার মাগফিরাত এবং দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়। স্থানীয় আলেম-ওলামারা মোনাজাত পরিচালনা করেন।
পরে এলাকার অসহায়, গরিব ও দুস্থ মানুষের মাঝে শাড়ি ও লুঙ্গি বিতরণ করা হয়। বস্ত্র পেয়ে উপকারভোগীরা আয়োজকদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।
উপজেলা বিএনপির কেন্দ্রীয় নির্দেশনা অনুযায়ী একই দিনে উপজেলার ৯টি ইউনিয়ন ও পৌরসভার ৯টি ওয়ার্ডে পৃথকভাবে দোয়া মাহফিল, আলোচনা সভা ও বস্ত্র বিতরণ কর্মসূচি পালিত হয়। এসব কর্মসূচিতে বিএনপি, যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, কৃষক দল ও শ্রমিক দলের নেতাকর্মীরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন গাজীপুর-১ আসনের সাবেক সংসদ সদস্য ও কালিয়াকৈর পৌরসভার মেয়র মোঃ মজিবুর রহমান, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সাংগঠনিক সম্পাদক কাজী সাইয়্যেদুল আলম বাবুল, সাবেক উপজেলা বিএনপি সভাপতি আব্দুল লতিফ, মোহাম্মদ হেলাল উদ্দিন, আ.ন.ম খলিলুর রহমান ইব্রাহীম, আখতার-উজ-জামান, দেওয়ান মোয়াজ্জেম হোসেন, পারভেজ আহমেদ, রিয়াজ উদ্দিন, সাইজুদ্দিনসহ উপজেলা, পৌর ও ইউনিয়ন পর্যায়ের বিভিন্ন নেতৃবৃন্দ।
সভাপতির বক্তব্যে মোঃ হুমায়ুন কবির খান বলেন, “শহীদ জিয়ার আদর্শ আমাদের রাজনৈতিক প্রেরণার উৎস। তার দেখানো পথে দল ঐক্যবদ্ধ থেকে মানুষের পাশে থাকবে।”
প্রধান অতিথি কাজী সাইয়্যেদুল আলম বাবুল বলেন, “জিয়াউর রহমান মানেই বাংলাদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক। ৪৫ বছর পরও মানুষের হৃদয়ে তার জনপ্রিয়তা অম্লান রয়েছে।”
উপজেলা বিএনপির নেতারা জানান, শহীদ জিয়ার স্মৃতির প্রতি শ্রদ্ধা জানাতে প্রতিবছরই এ ধরনের মানবিক ও সামাজিক কর্মসূচি আয়োজন করা হয় এবং ভবিষ্যতেও তা অব্যাহত থাকবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া