মানিকগঞ্জ | ২৬ মে ২০২৬ : পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শতবর্ষের “নয়ার হাট” এখন জমজমাট পশুর বাজারে পরিণত হয়েছে।

জেলার অন্যতম বৃহৎ ছাগলের হাট হিসেবে পরিচিত এই নয়ার হাটে প্রতিদিনই বাড়ছে ক্রেতা-বিক্রেতার উপস্থিতি। ছাগলের পাশাপাশি পাশের গরুর হাটেও চলছে ব্যাপক কেনাবেচা।
স্থানীয়দের মতে, মানিকগঞ্জের একমাত্র বৃহৎ ঐতিহ্যবাহী পশুর হাট হিসেবে নয়ার হাটের আলাদা সুনাম রয়েছে। ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে খামারি, ব্যাপারী ও সাধারণ ক্রেতারা এখানে ভিড় জমাচ্ছেন।
হাট ঘুরে দেখা যায়, অন্যান্য বছরের তুলনায় এবার পশুর সরবরাহ অনেক বেশি। বিশেষ করে ছাগল ও গরুর ব্যাপক আমদানি হওয়ায় হাটজুড়ে উৎসবমুখর পরিবেশ বিরাজ করছে। তবে ক্রেতা ও বিক্রেতাদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া লক্ষ্য করা গেছে। কেউ বলছেন দাম তুলনামূলক বেশি, আবার অনেক বিক্রেতার দাবি— চাহিদা অনুযায়ী পশুর দাম কিছুটা কম রয়েছে।
হাটে আসা কয়েকজন ক্রেতা জানান, বাজারে পশুর পর্যাপ্ত সরবরাহ থাকায় তারা স্বস্তিতে পশু কিনতে পারছেন। যদিও কিছু পশুর দাম বেশি মনে হয়েছে, তবুও পছন্দ অনুযায়ী পশু পাওয়ায় তারা সন্তুষ্ট।
অন্যদিকে, বিক্রেতারা জানান, এবার ব্যাপারীদের উপস্থিতি সাধারণ ক্রেতাদের তুলনায় বেশি। তারা এখন থেকেই পাইকারি দরে পশু কিনে ঢাকা ও পার্শ্ববর্তী বিভিন্ন জেলায় নিয়ে বিক্রি করছেন।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, মানিকগঞ্জ ছাড়াও পার্শ্ববর্তী দোহার, নবাবগঞ্জ এবং বিভিন্ন দুর্গম চরাঞ্চল থেকেও ব্যবসায়ীরা এই হাটে পশু নিয়ে আসছেন। ফলে প্রতিদিনই হাটে বাড়ছে পশুর সংখ্যা ও লেনদেনের পরিমাণ।
হাট ইজারা কর্তৃপক্ষের প্রতিনিধি মাসুম শিকদার বলেন, “হাটে কোনো ধরনের কালোবাজারি বা সিন্ডিকেট তৈরি হলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করছি।”
হাট ইজারাদার মোঃ সজীব খান বলেন, “ঈদ উপলক্ষে নয়ার হাটে সুন্দর, সুশৃঙ্খল ও উৎসবমুখর পরিবেশে পশু কেনাবেচা চলছে। ক্রেতা ও বিক্রেতাদের নিরাপত্তা এবং সুবিধা নিশ্চিত করতে আমরা সর্বোচ্চ চেষ্টা করছি।”
ঈদ ঘনিয়ে আসার সঙ্গে সঙ্গে আগামী দুই দিনে নয়ার হাটে আরও বেশি ক্রেতা সমাগম হবে বলে ধারণা করছেন সংশ্লিষ্টরা।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া