চাঁপাইনবাবগঞ্জ | ২৫ মে ২০২৬ : গণভোট ও জুলাই সনদ নিয়ে দেশব্যাপী জামায়াত-শিবির ও এনসিপির কথিত মিথ্যাচার এবং অপপ্রচারের প্রতিবাদে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় বিক্ষোভ মিছিল ও লিফলেট বিতরণ কর্মসূচি পালন করেছে জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল।
সোমবার (২৫ মে) বিকাল সাড়ে ৪টায় সদর উপজেলা ও পৌর স্বেচ্ছাসেবক দলের যৌথ উদ্যোগে শহরের ফুড অফিস মোড় এলাকা থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়। পরে মিছিলটি শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়। কর্মসূচি শেষে সাধারণ মানুষের মাঝে লিফলেট বিতরণ করেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন জেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ জামিউল হক সোহেল, সিনিয়র সহ-আহ্বায়ক অখিরুর রহমান, সদস্য সচিব বাবর আলী রুমন, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক এম হোসেন, সদস্য সচিব মেজর ডালিম, পৌর স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মোঃ আজিজুর রহমান, সদস্য সচিব মামুন অর রশীদসহ অন্যান্য নেতাকর্মীরা।
সমাবেশে নেতারা বলেন, গণভোট ও জুলাই সনদ নিয়ে একটি মহল উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার চালিয়ে জনমনে বিভেদ সৃষ্টির চেষ্টা করছে। রাজনৈতিক স্বার্থ হাসিলের উদ্দেশ্যে অসত্য তথ্য ছড়িয়ে দেশের গণতান্ত্রিক পরিবেশ অস্থিতিশীল করার অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।
বক্তারা আরও বলেন, জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দল সবসময় জনগণের অধিকার, ভোটের স্বাধীনতা এবং গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় রাজপথে ছিল এবং ভবিষ্যতেও থাকবে। মিথ্যা ও অপপ্রচারের মাধ্যমে জনগণের কণ্ঠ রোধ করা যাবে না বলেও মন্তব্য করেন তারা।
নেতৃবৃন্দ শান্তিপূর্ণ ও শৃঙ্খলাবদ্ধভাবে আন্দোলন সংগ্রাম পরিচালনার আহ্বান জানিয়ে বলেন, সকল অপপ্রচার ও ষড়যন্ত্রের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে রুখে দাঁড়িয়ে গণতান্ত্রিক বাংলাদেশ গঠনে সবাইকে ভূমিকা রাখতে হবে। আয়োজকদের দাবি, গণভোট ও জুলাই সনদ নিয়ে বিভ্রান্তিকর প্রচারণার বিরুদ্ধে জনগণকে সচেতন করতেই এ কর্মসূচির আয়োজন করা হয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া