কুড়িগ্রাম | ২৪ মে ২০২৬ : আসন্ন পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে কুড়িগ্রাম সীমান্তে সর্বোচ্চ সতর্ক অবস্থানে রয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। সীমান্ত সুরক্ষা নিশ্চিত করা, অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধ এবং চোরাচালান দমনে জোরদার করা হয়েছে টহল ও নজরদারি কার্যক্রম।

রোববার (২৪ মে) দুপুরে বিজিবি সূত্রে জানা গেছে, গত এক মাসে কুড়িগ্রাম সীমান্ত এলাকায় পরিচালিত বিভিন্ন অভিযানে প্রায় ১ কোটি ৭১ লাখ টাকার ভারতীয় বিভিন্ন পণ্য, গাঁজা, ইয়াবাসহ বিপুল পরিমাণ মাদকদ্রব্য জব্দ করা হয়েছে। এসব অভিযানে পাঁচজনকে আটকও করা হয়েছে।

বিজিবি জানায়, সীমান্তের প্রতিটি বিওপি (বর্ডার আউট পোস্ট) থেকে দিন-রাত ২৪ ঘণ্টা টহল পরিচালনা করা হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বাড়ানো হয়েছে বিশেষ অভিযান ও গোয়েন্দা নজরদারি। ঈদকে কেন্দ্র করে যাতে কোনো ধরনের চোরাচালান, মাদক পাচার কিংবা অবৈধ অনুপ্রবেশ না ঘটে, সেজন্য সীমান্তজুড়ে কঠোর অবস্থানে রয়েছে বিজিবি।

বিশেষ করে সীমান্তবর্তী বিভিন্ন পয়েন্টে বাড়তি নজরদারি, মোবাইল টহল, মোটরসাইকেল টহল এবং গোয়েন্দা তথ্যভিত্তিক অভিযান পরিচালনা করা হচ্ছে। স্থানীয় জনসাধারণকেও সীমান্ত অপরাধ প্রতিরোধে সচেতন ও সহযোগিতার আহ্বান জানিয়েছে বিজিবি।
কুড়িগ্রাম ব্যাটালিয়ন (২২ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মাহবুব-উল হক বলেন, দেশের সার্বভৌমত্ব রক্ষা, সীমান্ত নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সীমান্ত অপরাধ দমনে বিজিবি ‘জিরো টলারেন্স’ নীতিতে কাজ করছে। সীমান্তে যেকোনো ধরনের অপরাধ প্রতিরোধে বিজিবির এই তৎপরতা ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলেও জানান তিনি।
ঈদকে সামনে রেখে সীমান্ত এলাকায় বিজিবির বাড়তি নিরাপত্তা ব্যবস্থা সাধারণ মানুষের মধ্যে স্বস্তি ফিরিয়েছে। স্থানীয়রা মনে করছেন, বিজিবির কঠোর নজরদারির কারণে সীমান্ত দিয়ে অবৈধ পণ্য ও মাদক প্রবেশ অনেকাংশে কমে আসবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া