চাঁপাইনবাবগঞ্জ | ২৪ মে ২০২৬: চাঁপাইনবাবগঞ্জ পৌরসভায় ২০২৫-২০২৬ অর্থবছরের মানবিক সহায়তা কর্মসূচির আওতায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও দুস্থ পরিবারের মাঝে বিনামূল্যে ভিজিএফ খাদ্যশস্য (চাল) বিতরণ কার্যক্রম শুরু হয়েছে।
আজ রোববার (২৪ মে) থেকে শুরু হওয়া এই কার্যক্রমের মাধ্যমে পৌর এলাকার তালিকাভুক্ত প্রতিটি দরিদ্র ও অসহায় পরিবারকে ১০ কেজি করে চাল প্রদান করা হচ্ছে। ঈদকে কেন্দ্র করে কোনো পরিবার যাতে খাদ্য সংকটে না পড়ে, সে লক্ষ্যেই এই মানবিক সহায়তা কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে।
বিনামূল্যে চাল বিতরণ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে পৌর বিএনপির শীর্ষ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এতে বক্তব্য রাখেন পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি কামরুজ্জামান মুক্তা, সাধারণ সম্পাদক এএইচএম বাচ্চু এবং যুগ্ম সাধারণ সম্পাদক জাহিদ হোসেন। এছাড়াও জেলা বিএনপির সদস্য আব্দুস সালাম অনুষ্ঠানে উপস্থিত থেকে বক্তব্য প্রদান করেন।
বক্তারা বলেন, ঈদুল আজহা উপলক্ষে সরকারের মানবিক সহায়তা কর্মসূচি সঠিক ও স্বচ্ছভাবে বাস্তবায়ন করা হচ্ছে, যাতে করে সুবিধাবঞ্চিত মানুষের দোরগোড়ায় খাদ্য সহায়তা পৌঁছে যায়। তারা আরও বলেন, সামাজিক সংকটে রাজনৈতিক নেতৃবৃন্দ সবসময় জনগণের পাশে থাকবে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বাস্তবায়নে এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের সহযোগিতায় চাঁপাইনবাবগঞ্জ পৌরসভা চত্বরে ২৪ ও ২৫ মে দুই দিনব্যাপী এই ভিজিএফ চাল বিতরণ কার্যক্রম চলবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া