শিবচর, মাদারীপুর | ২৩ মে ২০২৬ : ঢাকার পল্লবীতে শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যা করার ঘটনায় জড়িতদের দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে মাদারীপুরের শিবচরে প্রতিবাদ সভা ও বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।
আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা আইন সহায়তা ফাউন্ডেশন (আসফ) শিবচর উপজেলা শাখার উদ্যোগে শুক্রবার পদ্মা নদীর তীরে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে মানবাধিকারকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, নারী-পুরুষসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।
প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আসফ কেন্দ্রীয় পরিচালক আবুল খায়ের খান। এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলা কমিটির সহ-সভাপতি হুমায়ন কবির, মাদবরচর শাখার সভাপতি রানু আক্তার, সাধারণ সম্পাদক সাইদ খান, সাংগঠনিক সম্পাদক বাদশা মুন্সি, মহিলা বিষয়ক সম্পাদক সুবর্ণা আক্তারসহ স্থানীয় নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন শিবচর উপজেলা শাখার সাধারণ সম্পাদক মো. সেলিম মোল্লা।
বক্তারা বলেন, শিশু রামিসার ওপর সংঘটিত নৃশংস ধর্ষণ ও হত্যাকাণ্ড দেশের মানবিক মূল্যবোধকে প্রশ্নবিদ্ধ করেছে। তারা দ্রুত তদন্ত শেষ করে জড়িতদের আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তি নিশ্চিত করার দাবি জানান।
সমাবেশে বক্তারা আরও বলেন, দেশে নারী ও শিশু নির্যাতনের ঘটনা আশঙ্কাজনক হারে বেড়ে চলেছে।
এসব অপরাধ বন্ধে কঠোর আইন প্রয়োগের পাশাপাশি সামাজিক সচেতনতা বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করেন তারা। একই সঙ্গে নারী ও শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের কার্যকর পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান বক্তারা।
প্রতিবাদ কর্মসূচিতে অংশগ্রহণকারীরা বলেন, মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সমাজের সকল স্তরের মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে। অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকলেই কেবল নিরাপদ সমাজ গঠন সম্ভব।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া