কুড়িগ্রাম | ২৩ মে ২০২৬ : কুড়িগ্রাম সদর উপজেলার ধরলা নদীর উপর প্রস্তাবিত বাংটুর ঘাট সেতু নির্মাণের সম্ভাব্যতা যাচাইয়ে স্থান পরিদর্শন করেছে চীনের রোড ব্রিজ কর্পোরেশনের একটি প্রতিনিধি দল। শনিবার দুপুরে ৫ সদস্যের ওই প্রতিনিধি দল সেতু নির্মাণের সম্ভাব্য স্থান ঘুরে দেখেন এবং ধরলা নদীর দুই পাড় পরিদর্শন করেন।
চীনা রোড ব্রিজ কর্পোরেশনের প্রধান প্রকৌশলী জাইয়া সাইয়ের নেতৃত্বে প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিজনেস ম্যানেজার ইউ জিগিং, মার্কেটিং ম্যানেজার ওয়াং জিংওয়েই, ডিজাইন ইঞ্জিনিয়ার পেংটাও এবং অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার শানতোনো।
পরিদর্শনকালে প্রতিনিধি দল সেতু নির্মাণের সম্ভাব্যতা, নদীর প্রবাহ, সংযোগ সড়ক ও স্থানীয় যোগাযোগ ব্যবস্থার বিভিন্ন দিক পর্যালোচনা করেন। দীর্ঘদিন ধরে স্থানীয় মানুষের দাবি ছিল ধরলা নদীর উপর একটি স্থায়ী সেতু নির্মাণের। সেতুটি নির্মিত হলে কুড়িগ্রাম সদর উপজেলার বিভিন্ন ইউনিয়নের মানুষের যাতায়াত সহজ হবে এবং অর্থনৈতিক কর্মকাণ্ডে গতি আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
এসময় বাংলাদেশের সেতু বাস্তবায়ন ও ভবন ব্যবস্থাপনা ইউনিটের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. এবাদত আলী, কুড়িগ্রাম এলজিইডির নির্বাহী প্রকৌশলী মো. সাইফুর রহমান, জেলা বিএনপির আহ্বায়ক মোস্তাফিজার রহমান মোস্তফা, যুগ্ম আহ্বায়ক হাসিবুর রহমান হাসিবসহ স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতা ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
স্থানীয়রা জানান, বাংটুর ঘাটে একটি সেতু নির্মাণ হলে শিক্ষা, স্বাস্থ্যসেবা, কৃষিপণ্য পরিবহন ও ব্যবসা-বাণিজ্যে নতুন সম্ভাবনার সৃষ্টি হবে। পাশাপাশি বর্ষা মৌসুমে নৌপথের ঝুঁকি কমে সাধারণ মানুষের দুর্ভোগ লাঘব হবে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, সম্ভাব্যতা যাচাই শেষে প্রকল্প বাস্তবায়নের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া