পবিত্র ঈদুল আজহাকে সামনে রেখে ধীরে ধীরে বাড়তে শুরু করেছে ঘরমুখো মানুষের চাপ। এরই মধ্যে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের গাজীপুরের কালিয়াকৈর উপজেলার চন্দ্রা ত্রিমোড় এলাকায় যাত্রী ও যানবাহনের চাপ বেড়েছে। তবে এখন পর্যন্ত মহাসড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়নি।
শুক্রবার (২২ মে) বিকেলে সরেজমিনে চন্দ্রা ত্রিমোড় এলাকায় দেখা যায়, উত্তরবঙ্গমুখী বিভিন্ন পরিবহন কাউন্টার ও মহাসড়কে যাত্রীদের ভিড় বাড়ছে। বিশেষ করে বিভিন্ন শিল্প-কারখানা আংশিক ছুটি ঘোষণা করায় আগেভাগেই পরিবারের সদস্যদের গ্রামের বাড়িতে পাঠাতে শুরু করেছেন চাকরিজীবী ও ব্যবসায়ীরা। এতে গণপরিবহন ও ব্যক্তিগত যানবাহনের চাপ বেড়েছে মহাসড়কে।
সংশ্লিষ্ট সূত্র জানায়, কালিয়াকৈর উপজেলায় প্রায় তিন শতাধিক শিল্প-কলকারখানা রয়েছে। প্রতিবছর ঈদকে কেন্দ্র করে এসব কারখানায় একযোগে ছুটি শুরু হলে চন্দ্রা ত্রিমোড়ে ঘরমুখো মানুষের ঢল নামে। উত্তরবঙ্গের প্রায় ২৫টি জেলার প্রবেশদ্বার হিসেবে পরিচিত এই মোড় দিয়ে প্রতি ঈদে প্রায় ৬০ লাখ মানুষ যাতায়াত করেন।
ঢাকা, গাজীপুর, টঙ্গী ও কোনাবাড়ী থেকে ছেড়ে আসা উত্তরবঙ্গগামী অধিকাংশ যানবাহন চন্দ্রা ত্রিমোড় ব্যবহার করায় এখানে স্বাভাবিক সময়ের তুলনায় কয়েকগুণ চাপ তৈরি হয়। শুক্রবার বিকেলেও পরিবহন কাউন্টারগুলোর সামনে যাত্রীদের জটলা দেখা গেলেও মহাসড়কের কোথাও দীর্ঘস্থায়ী যানজটের চিত্র দেখা যায়নি।
স্থানীয় বাসিন্দাদের অভিযোগ, চন্দ্রা এলাকায় অপরিকল্পিত সড়ক ডিভাইডার, যত্রতত্র যানবাহন থামিয়ে যাত্রী ওঠানামা করানো, সড়কের পাশে অবৈধ দোকানপাট ও বাস কাউন্টার স্থাপনের কারণে প্রতিবছর তীব্র যানজট সৃষ্টি হয়। এছাড়া নিষিদ্ধ থ্রি-হুইলার চলাচলও দুর্ঘটনার অন্যতম কারণ হয়ে দাঁড়িয়েছে বলে অভিযোগ রয়েছে।
এদিকে ঈদযাত্রা নির্বিঘ্ন রাখতে এবার বিশেষ প্রস্তুতি নিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। পুলিশ প্রশাসন জানিয়েছে, চন্দ্রা এলাকায় যানজট নিরসনে প্রায় ১ হাজার সদস্য দায়িত্ব পালন করবেন। হাইওয়ে ও জেলা পুলিশের পাশাপাশি নতুন করে ৪ প্লাটুন এপিবিএন সদস্য মোতায়েন করা হয়েছে।
নাওজোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সওগাতুল আলম বলেন, আগামী সোমবার থেকে পোশাক কারখানাগুলো ছুটি শুরু হলে যাত্রী ও যানবাহনের চাপ আরও বৃদ্ধি পাবে। তবে যানজট নিয়ন্ত্রণে পুলিশ ও এপিবিএন সদস্যরা সমন্বিতভাবে কাজ করবেন। ঘরমুখো মানুষের নিরাপদ ও স্বস্তিদায়ক যাত্রা নিশ্চিত করতে সব ধরনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলেও জানান তিনি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া