ফরিদপুরের সালথা উপজেলার মাঝারদিয়া ইউনিয়নের কাগদী বাজার সংলগ্ন প্রায় তিন যুগ আগে নির্মিত একটি সেতু এখন এলাকাবাসীর জন্য চরম আতঙ্কের কারণ হয়ে দাঁড়িয়েছে। দীর্ঘদিন সংস্কার ও রক্ষণাবেক্ষণের অভাবে জরাজীর্ণ হয়ে পড়া সেতুটি বর্তমানে যেন এক মরণফাঁদে পরিণত হয়েছে। জীবনের ঝুঁকি নিয়েই প্রতিদিন এই সেতু দিয়ে পারাপার করছেন হাজার হাজার মানুষ ও বিভিন্ন ধরনের যানবাহন।
স্থানীয় সূত্রে জানা যায়, ১৯৮৮ সালের ভয়াবহ বন্যার পর এলাকাবাসীর যাতায়াত সুবিধার জন্য সেতুটি নির্মাণ করা হয়। তবে নির্মাণের পর থেকে উল্লেখযোগ্য কোনো সংস্কার কাজ না হওয়ায় বর্তমানে সেতুটির অবস্থা অত্যন্ত নাজুক হয়ে পড়েছে। সেতুর বিভিন্ন অংশের রেলিং ভেঙে গেছে, কোথাও ঝুলে পড়েছে আবার কোথাও সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে গেছে। বাজার সংলগ্ন অংশে বাঁশের চালি ও ডালপালা দিয়ে অস্থায়ীভাবে রেলিং তৈরি করা হয়েছে।
সেতুর বিভিন্ন স্থানের প্লাস্টার খসে পড়ে ভেতরের রড বের হয়ে গেছে। অনেক রডে মরিচা ধরে ক্ষয় সৃষ্টি হয়েছে। মাঝখানের কয়েকটি পাঠাতন ভেঙে নিচে পড়ে যাওয়ায় সেখানে অস্থায়ীভাবে কাঠ বসিয়ে চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এছাড়া মাঝের জোড়া পিলার দেবে যাওয়ায় সেতুর ওপর ঢেউয়ের মতো উঁচু-নিচু সৃষ্টি হয়েছে। এতে ছোট-বড় গর্ত তৈরি হয়ে প্রায়ই ছোটখাটো দুর্ঘটনা ঘটছে।
স্থানীয় বাসিন্দারা জানান, সেতুটি এতটাই সরু যে একটি ভ্যান পার হওয়ার সময় বিপরীত দিকের আরেকটি ভ্যানকে দাঁড়িয়ে থাকতে হয়। কোনো যানবাহন চলাচলের সময় পুরো সেতু কেঁপে ওঠে। ফলে প্রতিনিয়ত আতঙ্ক নিয়েই পারাপার করতে হচ্ছে সাধারণ মানুষকে।
স্থানীয় এক ইউপি সদস্য ও কাগদী বাজারের ব্যবসায়ীরা জানান, “সেতুটি নিয়ে আমরা সব সময় আতঙ্কে থাকি। কখন বড় ধরনের দুর্ঘটনা ঘটে সেই শঙ্কা নিয়েই চলাচল করতে হচ্ছে।”
এলাকাবাসীর ভাষ্য, কাগদী বাজার সংলগ্ন এই সেতু ব্যবহার করে প্রতিদিন শত শত শিক্ষার্থী স্কুল, মাদ্রাসা ও কিন্ডারগার্টেনে যাতায়াত করে। এছাড়া বাজার, মসজিদ, মন্দির, ভূমি অফিস ও ইউনিয়ন পরিষদে যেতে দুই পাড়ের মানুষের প্রধান ভরসা এই সেতুটি। বিশেষ করে হাটের দিন কৃষিপণ্যবোঝাই ভ্যান ও অন্যান্য যানবাহন চলাচলে চরম দুর্ভোগ ও ঝুঁকির সৃষ্টি হয়।
স্থানীয়দের অভিযোগ, নতুন সেতু নির্মাণের আশ্বাস বহুবার মিললেও এখনো দৃশ্যমান কোনো অগ্রগতি নেই। মাঝেমধ্যে সংশ্লিষ্ট কর্মকর্তারা এসে মাটি পরীক্ষা করলেও এখনো নির্মাণকাজ শুরু হয়নি। দ্রুত পুরোনো ঝুঁকিপূর্ণ সেতু অপসারণ করে নতুন আধুনিক সেতু নির্মাণের দাবি জানিয়েছেন এলাকাবাসী, শিক্ষার্থী, শিক্ষক, ব্যবসায়ী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া