উখিয়া,কক্সবাজার | ২০ মে ২০২৬ : মানবপাচার ও অভিবাসী চোরাচালান প্রতিরোধে তৃণমূল পর্যায়ে নিরাপদ অভিবাসন বিষয়ে সচেতনতা বৃদ্ধি এবং আইনের কঠোর প্রয়োগ নিশ্চিত করার আহ্বান জানানো হয়েছে কক্সবাজারে আয়োজিত এক কর্মশালায়।

বুধবার (২০ মে) সকাল ১০টায় কক্সবাজার জেলা পরিষদ কনফারেন্স রুমে এ কর্মশালার আয়োজন করা হয়। অস্ট্রেলিয়া সরকারের সহায়তায় এবং ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রামের বাস্তবায়নে ‘ম্যাস ক্যাম্পেইন টু কমব্যাট হিউম্যান ট্রাফিকিং অ্যান্ড পিপল স্মাগলিং’ প্রকল্পের আওতায় উপজেলা পর্যায়ের এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে কক্সবাজারের জেলা প্রশাসক মোঃ আঃ মান্নান বলেন, শীত মৌসুমে মানবপাচারের ঘটনা বেশি ঘটে। সরকার বৈধভাবে বিদেশগমনের সুযোগ তৈরি করলেও অনেকেই প্রয়োজনীয় প্রশিক্ষণ নিতে আগ্রহী নন। তিনি বলেন, “মানুষকে সচেতন হতে হবে এবং সরকার প্রদত্ত প্রশিক্ষণ ও বৈধ অভিবাসন প্রক্রিয়ার সুযোগ গ্রহণ করতে হবে।”
জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসার লিটন কান্তি চৌধুরী বলেন, মানবপাচার প্রতিরোধে কাজ করা এনজিওগুলোর একটি সুস্পষ্ট রূপরেখা ও ডাটাবেইস থাকা জরুরি, যাতে তাদের কাজের জবাবদিহিতা নিশ্চিত করা যায়। তিনি শৈশব থেকেই শিশুদের সঠিক দিকনির্দেশনা ও দক্ষতা উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।
এনজিও ব্যক্তিত্ব আবু মোর্শেদ চৌধুরী খোকা বলেন, বিদেশগমনে আগ্রহীদের প্রশিক্ষণের আওতায় আনতে পারলে মানবপাচারের ঝুঁকি অনেকাংশে কমে আসবে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাকের জেলা সমন্বয়ক অজিত নন্দী। ব্র্যাক মাইগ্রেশন প্রোগ্রাম–এর কক্সবাজার সেন্টার ম্যানেজার মোঃ আজিমুল হকের সঞ্চালনায় মূল প্রবন্ধ উপস্থাপন করেন ম্যানেজার শায়লা শারমিন।
কর্মশালায় শিক্ষক, সরকারি-বেসরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, এনজিও প্রতিনিধি এবং গণমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন। বক্তারা বলেন, নিয়মিত সচেতনতামূলক সভা, প্রশিক্ষণ ও জনসম্পৃক্ত কার্যক্রম জোরদার করা গেলে মানবপাচার ও চোরাচালানের মতো মানবতাবিরোধী অপরাধ কার্যকরভাবে প্রতিরোধ করা সম্ভব।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া