মানিকগঞ্জ | ১৯ মে ২০২৬ : “জনবান্ধব ও প্রযুক্তিনির্ভর ভূমি ব্যবস্থাপনা, নিরাপদ ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় হরিরামপুর উপজেলা, মানিকগঞ্জ জেলা-তে অনুষ্ঠিত হয়েছে ভূমি সেবা মেলা–২০২৬।

মঙ্গলবার (১৯ মে) সকাল ১১:৩০ মিনিটে উপজেলা ভূমি অফিস প্রাঙ্গনে র্যালি, আলোচনা সভা ও তথ্যসেবা কার্যক্রমের মধ্য দিয়ে মেলার আনুষ্ঠানিকতা শুরু হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিজা বিসরাত হোসেন। মেলাটি আয়োজন করে উপজেলা ভূমি অফিস, সার্বিক সহযোগিতায় ছিল ভূমি মন্ত্রণালয়।
অনুষ্ঠানের ভার্চুয়াল উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার নাহিদা আক্তার, উপজেলা কৃষি সম্প্রসারণ অফিসার জহিরুল ইসলাম শুভ, উপজেলা সমাজসেবা অফিসার আয়ুব আলীসহ স্থানীয় জনপ্রতিনিধি ও বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ।
আলোচনা সভায় বক্তারা ডিজিটাল ভূমি সেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সাধারণ নাগরিকদের ভূমি পোর্টালে রেজিস্ট্রেশন, ই-মিউটেশন (নামজারি), মৌজা ম্যাপ, ই-পর্চা সংগ্রহসহ আধুনিক ডিজিটাল সেবাগুলো সম্পর্কে সচেতনতা বৃদ্ধি করাই এই মেলার মূল লক্ষ্য। এছাড়াও ভবিষ্যৎ পরিকল্পনার অংশ হিসেবে ডিজিটাল জরিপ, ভূমি জোনিং এবং জমি ক্রয়ের পরপরই তাৎক্ষণিক মালিকানা সনদ প্রদানের সরকারি রূপকল্প নিয়েও বিস্তারিত আলোচনা করা হয়।
মেলায় আগত সেবাপ্রত্যাশীরা সরাসরি বিভিন্ন স্টল থেকে ভূমি সংক্রান্ত তথ্য ও সেবা গ্রহণ করেন, যা সাধারণ মানুষের মাঝে ব্যাপক আগ্রহের সৃষ্টি করে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া