কুমিল্লা, কুমিল্লা | ১৯ মে ২০২৬: কুমিল্লা জেলা পুলিশের মাসিক আইন-শৃঙ্খলা ও অপরাধ পর্যালোচনা সভা জেলা পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (১৯ মে) অনুষ্ঠিত এ সভায় জেলার সার্বিক নিরাপত্তা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেওয়া হয়।
সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার পুলিশ সুপার মোঃ আনিসুজ্জামান, পিপিএম। অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) পংকজ বড়ুয়া সভা সঞ্চালনা করেন।
সভায় আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশুর হাটসমূহে নিরাপত্তা নিশ্চিত করতে সংশ্লিষ্ট থানার অফিসার ইনচার্জদের প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদান করা হয়। পুলিশ সুপার বলেন, সর্বোচ্চ পেশাদারিত্ব, সতর্কতা ও দায়িত্বশীলতার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। প্রতিটি হাটে পর্যাপ্ত পুলিশ মোতায়েন, মোবাইল টিম ও নিয়মিত টহল কার্যক্রম জোরদার করার নির্দেশ দেওয়া হয়।
এছাড়া চুরি, ছিনতাই, জাল টাকা, মলম পার্টি ও অজ্ঞান পার্টির তৎপরতা রোধে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি এবং সাদা পোশাকে পুলিশ সদস্য নিয়োজিত রাখার ওপর গুরুত্বারোপ করা হয়। হাটে আগত সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করতে ট্রাফিক ব্যবস্থাপনা, যানজট নিরসন, প্রবেশ ও বাহির পথ নিয়ন্ত্রণ এবং জরুরি সেবা কার্যক্রম সচল রাখার নির্দেশনাও দেওয়া হয়।
সভায় আরও বলা হয়, স্থানীয় প্রশাসন, জনপ্রতিনিধি, হাট ইজারাদার ও স্বেচ্ছাসেবকদের সঙ্গে সমন্বয় করে সার্বক্ষণিক মনিটরিং কার্যক্রম অব্যাহত রাখতে হবে।
এ সময় জেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, মাদক ও অস্ত্র উদ্ধার কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা, সাইবার ক্রাইম নিয়ন্ত্রণ, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং স্পর্শকাতর মামলার অগ্রগতি নিয়েও বিস্তারিত আলোচনা হয়।
সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাসহ জেলার সকল থানার অফিসার ইনচার্জগণ উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া