পটিয়া, চট্টগ্রাম | ১৬ মে ২০২৬:
বাংলাদেশ রেলওয়ে পরিচালিত পটিয়া রেল স্টেশন-এ চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপের সাম্প্রতিক ঘটনাগুলোর প্রতিবাদ ও প্রতিরোধে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে। চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলপথে যাত্রী নিরাপত্তা নিশ্চিত করতে স্থানীয়ভাবে সংগঠিত এই সভায় সচেতনতা কর্মসূচি জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়।
গত ১৬ মে (শনিবার) সন্ধ্যায় স্টেশনের ওয়েটিং রুমে চট্টগ্রাম-দোহাজারী-কক্সবাজার রেলওয়ে যাত্রী কল্যাণ পরিষদ-এর উদ্যোগে সভাটি অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন পরিষদের সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম (বিএমএসএফ) পটিয়া শাখার সহ-সভাপতি সাংবাদিক ফারুকুর রহমান বিনজু। সভা সঞ্চালনা করেন পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ সাঈদ তালুকদার খোকন।
প্রধান অতিথির বক্তব্যে পটিয়া প্রেস ক্লাব-এর সভাপতি ও বিএমএসএফ কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি, পরিষদের উপদেষ্টা আবদুল হাকিম রানা বলেন, চলন্ত ট্রেনে পাথর নিক্ষেপ আইনত দণ্ডনীয় অপরাধ; প্রমাণিত হলে সর্বোচ্চ ১০ বছর কারাদণ্ড হতে পারে। তিনি বলেন, এ ধরনের কর্মকাণ্ড শুধু রাষ্ট্রীয় সম্পদের ক্ষতিই নয়, যাত্রীদের জীবনকেও মারাত্মক ঝুঁকির মুখে ফেলে।
তাই জনসচেতনতা বৃদ্ধি, প্রচার কার্যক্রম এবং ধারাবাহিক কর্মসূচির মাধ্যমে সবাইকে এগিয়ে আসতে হবে।
সভায় আরও বক্তব্য রাখেন বিশিষ্ট দন্ত চিকিৎসক ও সমাজসেবক ডা. নুর খান। উপস্থিত ছিলেন পরিষদের যুগ্ম সম্পাদক আলমগীর আলম, সদস্য লিয়াকত আলীসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বক্তারা জানান, চট্টগ্রাম–দোহাজারী–কক্সবাজার রেলপথ চালুর পর যাত্রী চলাচল বৃদ্ধি পেয়েছে। কিন্তু কিছু অসাধু কিশোর ও দুষ্কৃতকারীর পাথর নিক্ষেপের ঘটনায় যাত্রীদের মধ্যে আতঙ্ক তৈরি হচ্ছে। এ অবস্থায় সচেতনতামূলক লিফলেট বিতরণ, স্থানীয় স্কুল-কলেজে প্রচারণা, স্টেশন এলাকায় সতর্কতামূলক ব্যানার স্থাপন এবং আইনশৃঙ্খলা বাহিনীর সাথে সমন্বয়ের মাধ্যমে প্রতিরোধ গড়ে তোলার কর্মপরিকল্পনা নেওয়া হয়।
সভায় সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত হয়, খুব শিগগিরই বৃহত্তর পরিসরে জনসচেতনতা কর্মসূচি গ্রহণ করা হবে, যাতে ভবিষ্যতে ট্রেনে পাথর নিক্ষেপের মতো বিপজ্জনক অপরাধ প্রতিরোধ করা যায় এবং যাত্রীদের নিরাপদ ভ্রমণ নিশ্চিত হয়।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া