চাঁপাইনবাবগঞ্জ | ১৮ মে ২০২৬ : চাঁপাইনবাবগঞ্জ জেলায় অবস্থিত বীরশ্রেষ্ঠ শহীদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (মহানন্দা) সেতু স্থায়ীভাবে টোলমুক্ত করার দাবিতে বিক্ষোভ ও ‘সড়ক ভবন ঘেরাও’ কর্মসূচি পালন করেছে স্থানীয় নাগরিকরা। সোমবার (১৮ মে) সকাল ৯টায় “চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি”-র ব্যানারে এ কর্মসূচির ডাক দেওয়া হয়।
দীর্ঘদিন ধরে সেতুটিতে টোল আদায়কে কেন্দ্র করে স্থানীয় ব্যবসায়ী, পরিবহন শ্রমিক ও সাধারণ মানুষের মধ্যে তীব্র অসন্তোষ ও দুর্ভোগ বিরাজ করছে বলে আন্দোলনকারীরা অভিযোগ করেন। তাদের দাবি, টোল ব্যবস্থার কারণে পণ্য পরিবহন ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সময় নষ্ট হচ্ছে এবং সাধারণ যাতায়াতে অতিরিক্ত আর্থিক চাপ তৈরি হচ্ছে।
কর্মসূচিতে উপস্থিত ছিলেন— মোঃ তরিকুল আলম মোল্লা (আহবায়ক, চাঁপাইনবাবগঞ্জ নাগরিক অধিকার আদায় কমিটি), মোঃ সাইদুর রহমান (সভাপতি, জেলা ট্রাক ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়ন), এ্যাড. নুরে আলম সিদ্দিকী আসাদ (ভাইস চেয়ারম্যান, বাংলাদেশ রেড ক্রিসেন্ট, চাঁপাইনবাবগঞ্জ জেলা ইউনিট), মোঃ আসগার আলী (সভাপতি, সিএনজি সমিতি), মোঃ ইকবাল আহমেদ (সাধারণ সম্পাদক, চাঁপাইনবাবগঞ্জ ইলেকট্রনিকস এসোসিয়েশন) ও হাদিদুল মোবিন হাদি প্রমুখ।
আন্দোলনকারীরা মহানন্দা সেতুর পাশের সড়ক ভবনের সামনে সমবেত হয়ে টোল আদায় বন্ধের দাবিতে বিভিন্ন স্লোগান দেন এবং প্রতিবাদী বক্তব্য রাখেন। বক্তারা বলেন, চাঁপাইনবাবগঞ্জবাসীর স্বার্থে এই সেতুতে টোল ব্যবস্থা অবিলম্বে বাতিল করতে হবে। অন্যথায় বৃহত্তর কর্মসূচির ঘোষণা দেওয়া হবে।
কর্মসূচিকে কেন্দ্র করে এলাকায় আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে ছিল। তবে কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া