কুমিল্লা | ১৭ মে ২০২৬: ঢাকা–কুমিল্লা রুটে দীর্ঘদিনের যানজট নিরসনে একটি বিকল্প সড়ক নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। কুমিল্লা-৬ আসনের সংসদ সদস্য মনিরুল হক চৌধুরীর আবেদনের পরিপ্রেক্ষিতে সুয়াগাজী থেকে গোলাবাড়ি হয়ে আড়াইহাজার পর্যন্ত নতুন একটি মহাসড়ক নির্মাণের প্রস্তাবনা উপস্থাপন করা হয়।
রোববার (১৭ মে) স্থানীয় সরকার বিভাগ–এর কুমিল্লা কার্যালয়ে আয়োজিত এক সভায় প্রকল্পের বিস্তারিত তুলে ধরেন সিনিয়র সহকারী প্রকৌশলী মেহেদি হাসান। প্রস্তাবিত সড়কটি সুয়াগাজী থেকে শুরু হয়ে গোলাবাড়ি, গোমতীর উত্তর পাড় ঘেঁষে বুড়িচং, দেবিদ্বার, কোম্পানীগঞ্জসহ বিভিন্ন এলাকা অতিক্রম করে বাঞ্ছারামপুর পর্যন্ত বিস্তৃত হবে।
পরবর্তীতে প্রস্তাবিত মেঘনা সেতু ও কাঞ্চন ব্রিজের মাধ্যমে সড়কটি ঢাকার ৩০০ ফিট সড়কের সঙ্গে সংযুক্ত করার পরিকল্পনা রয়েছে। সংশ্লিষ্টরা জানান, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের অন্যতম ব্যস্ত ঢাকা–চট্টগ্রাম মহাসড়ক–এর ওপর চাপ উল্লেখযোগ্যভাবে কমবে।
এছাড়া কুমিল্লার উত্তরাঞ্চলসহ আশপাশের জেলার বাসিন্দারা দ্রুত রাজধানীর সঙ্গে যোগাযোগের সুযোগ পাবেন। শিল্পায়ন, বাণিজ্য সম্প্রসারণ এবং আঞ্চলিক অর্থনীতিতে ইতিবাচক প্রভাব পড়বে বলেও আশা প্রকাশ করা হয়। সভায় স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ ও প্রকৌশলীরা উপস্থিত ছিলেন।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © সারাদেশ একাওর নিউজ পোর্টাল ও মাল্টিমিডিয়া