বরগুনা | ১৪ মে ২০২৬: বরগুনার আমতলী উপজেলায় গভীর রাতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (১৪ মে) দিবাগত রাত আনুমানিক ১২টা ১০ মিনিটের দিকে উপজেলার র খুরিয়ার খেয়াঘাট এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। ঘটনাকে কেন্দ্র করে পুরো এলাকায় চরম চাঞ্চল্য ও উত্তেজনা ছড়িয়ে পড়ে।
নিহত মনোয়ার হোসেন (৪৫) আমতলী উপজেলা এর দক্ষিণ আমতলী এলাকার বাসিন্দা। তিনি মো. জয়নাল মৃধার ছেলে।
স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ব্রিজের পশ্চিম পাশে আজিজ মৃধার রাইস মিল সংলগ্ন এলাকায় খালের পাড়ে স্থানীয়রা মনোয়ার হোসেনকে রক্তাক্ত অবস্থায় পড়ে থাকতে দেখেন। পরে তাকে উদ্ধার করে দ্রুত আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-এ নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
চিকিৎসক ডা. শুভেন্দু রয় জানান, হাসপাতালে আনার আগেই তার মৃত্যু হয়। তার দুই পায়ে ধারালো অস্ত্রের গভীর আঘাতের চিহ্ন ছিল এবং অতিরিক্ত রক্তক্ষরণের কারণেই মৃত্যু হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
নিহতের পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, তার সঙ্গে কারও কোনো শত্রুতা ছিল না এবং হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার ও বিচার দাবি করা হয়েছে।
তবে নাম প্রকাশে অনিচ্ছুক স্থানীয় কয়েকজন দাবি করেছেন, নিহত ব্যক্তি দীর্ঘদিন ধরে মাদক সংক্রান্ত কর্মকাণ্ডের সঙ্গে জড়িত ছিলেন। মাদক বিরোধী বিরোধের জেরেই এ হত্যাকাণ্ড ঘটতে পারে বলে তাদের ধারণা।
ঘটনার পর আমতলী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে সুরতহাল প্রতিবেদন প্রস্তুত করেছে। পাশাপাশি হত্যার রহস্য উদঘাটনে তদন্ত শুরু করা হয়েছে।
আমতলী থানার অফিসার ইনচার্জ (ওসি) আবু হাচনাইন পারভেজ বলেন, মরদেহ মর্গে পাঠানো হয়েছে এবং ঘটনাটিকে গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
ওয়েবসাইটঃ www.saradesh71.com, নিউজ রুমঃ news@saradesh71.com
কপিরাইট স্বত্ব © জাতীয় দৈনিক সারাদেশ ৭১